৩৩ বছর পর বিধায়কের উদ্যোগে ঘরে ফিরল বিজেপি কর্মী
এরপর দীর্ঘদিন রাজ্যের বিভিন্ন জায়গায় ভবঘুরের মতো ঘুরে বেড়ান তিনি।
Truth of Bengal: কৈলাস বিশ্বাস, বাঁকুড়া: প্রায় ৩৩ বছর ঘরছাড়া থাকার পর অবশেষে নিজের গ্রামে ফিরলেন বিজেপি কর্মী বিমল চন্দ্র বোড়া। বাঁকুড়া জেলার ইন্দাস বিধানসভার কুশমুড়ি গ্রামে তাঁর প্রত্যাবর্তনকে ঘিরে আবেগঘন পরিবেশ তৈরি হয়। ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধারা নিজে উপস্থিত থেকে উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে তাঁকে বরণ করে নেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৯৯৩ সালে বামফ্রন্ট আমলে পঞ্চায়েত নির্বাচনে মঙ্গলপুর গ্রাম পঞ্চায়েতের কুশমুড়ি বুথে বিজেপির প্রার্থী হয়েছিলেন বিমল চন্দ্র বোড়া। অভিযোগ, ভোটের পর সিপিএমের দুষ্কৃতীদের হামলার শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় সেই সময় গ্রাম ছাড়তে বাধ্য হন। এরপর দীর্ঘদিন রাজ্যের বিভিন্ন জায়গায় ভবঘুরের মতো ঘুরে বেড়ান তিনি।
পরবর্তীতে আরামবাগের গোপীনাথপুর এলাকায় এক ব্যক্তির বাড়িতে কাজ শুরু করেন বিমলবাবু। সেখানেই এক সহৃদয় ব্যক্তি তাঁকে বসবাসের জন্য জমি দান করেন। পরে সেই জমিতে বাড়ি তৈরি করে সংসার পাতেন তিনি। তবে এত বছর ধরে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ প্রায় বিচ্ছিন্নই ছিল বলে জানা গিয়েছে। বিমল চন্দ্র বোড়ার দাবি, রাজ্যে রাজনৈতিক পালাবদল হলেও তিনি দীর্ঘদিন নিজের গ্রামে ফেরার সাহস পাননি। তবে বর্তমানে রাজ্যে বিজেপি সরকার গঠনের পর পরিস্থিতি বদলেছে এবং তিনি নিরাপদ বোধ করছেন বলেই জানিয়েছেন। সম্প্রতি বিভিন্ন সূত্র মারফত তাঁর খোঁজ পান বিধায়ক নির্মল ধারা। এরপর তাঁর উদ্যোগেই ৩৩ বছর পর নিজের জন্মভূমি কুশমুড়ি গ্রামে ফেরেন বিমল চন্দ্র বোড়া। গ্রামে ফিরে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। দীর্ঘদিন পর পরিবারের সদস্য ও গ্রামের মানুষের সঙ্গে দেখা করে খুশি বিজেপির এই প্রবীণ কর্মী।






