রাজ্যের খবর

মাধ্যমিক পরীক্ষার্থীর  ঝুলন্ত দেহ উদ্ধার, সোনারপুরে চাঞ্চল্য

সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Truth Of Bengal: লোকেশ হালদার, সোনারপুর: বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় এক মাধ্যমিক পরীক্ষার্থীর দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল সোনারপুরে। পরিবারের অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে ১৬ বছরের ওই ছাত্রী। ঘটনায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে সোনারপুর থানায়, তদন্তও শুরু করেছে পুলিশ। পরিবারের অভিযোগ  এলাকারই এক যুবক  আসিফ খান নিয়মিত ওই ছাত্রীর ওপর মানসিক চাপ তৈরি করত। প্রযুক্তির সাহায্যে মেয়েটির কিছু ছবি বিকৃত করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। অভিযোগ, অভিযুক্ত যুবকের এক বান্ধবীও ছবি ভাইরালের সঙ্গে জড়িত। বিষয়টি জানতে পারার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিল পরীক্ষার্থীটি।

ছাত্রীটি সোনারপুর থানার অন্তর্গত এলাকায় মামার বাড়িতে থাকত। ঘটনার দিন বিকেলে বাড়িতে কেউ ছিল না। স্কুল থেকে ফিরে একাই ছিল। সেই সময়ই বিপত্তি ঘটে বলে পরিবারের দাবি। সন্ধের দিকে মাসি বাড়ি ফিরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগের ভিত্তিতে পুলিশ ডিজিটাল প্রমাণ সংগ্রহসহ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে। অভিযুক্তদের সন্ধানে নেমেছে পুলিশ।এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। পরিবার দাবি করেছে, মেয়েটির ছবিকে অপব্যবহার করে মানসিকভাবে নিপীড়ন করা হয়েছিল—এরই জেরে অকাল মৃত্যু। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles