বিদায় নিচ্ছে বর্ষা! এবার জাঁকিয়ে পড়বে শীত? জেনে নিন আজকের আবহাওয়া
ইতিমধ্যে দিনের তাপমাত্রা স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে এবং আগামী পাঁচ দিন আবহাওয়া অনুরূপ থাকবে।
Truth Of Bengal: বঙ্গোপসাগরের ওপর থেকে নিম্নচাপ অঞ্চল সরে যাচ্ছে এবং ক্রমশ শক্তি হারাচ্ছে। ফলে রাজ্যের কোথাও আগামী কয়েক দিনে উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই। বরং এবার থেকে শীতের আমেজ জমাট বাঁধতে শুরু করবে। ইতিমধ্যে দিনের তাপমাত্রা স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে এবং আগামী পাঁচ দিন আবহাওয়া অনুরূপ থাকবে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া, মূলত পরিষ্কার আকাশ। কোথাও কোথাও আংশিক মেঘলা হতে পারে। উত্তরবঙ্গে একটানা শুষ্ক আবহাওয়া, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমতে পারে। দক্ষিণবঙ্গে উইকেন্ডে সকালের দিকে শীতের অনুভূতি কিছুটা বাড়বে। তবে আগামী এক সপ্তাহে পারদের উল্লেখযোগ্য পতনের সম্ভাবনা নেই। পশ্চিমের জেলাগুলিতে শীতের অনুভূতি সামান্য বাড়তে পারে।
উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও বাংলাদেশ উপকূল সংলগ্ন নিম্নচাপ ক্রমশ দুর্বল হবে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত গভীর সমুদ্রে যাওয়া নিষেধ করা হয়েছে। দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকা, পূর্ব-মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের গভীরে যাওয়া থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
বৃহস্পতিবার থেকে রৌদ্রোজ্জ্বল পরিষ্কার আকাশের সম্ভাবনা। তাপমাত্রায় খুব একটা পরিবর্তন নেই, স্বাভাবিকের কাছাকাছি থাকবে। উইকেন্ডে রাতের তাপমাত্রা সামান্য কমে ২০-২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। রাতে ও সকালে হালকা শীতের অনুভূতি বাড়বে। আগামী সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির নীচে এবং সর্বনিম্ন ২০ ডিগ্রির নীচে নামতে পারে বলে পূর্বাভাস আবহাওয়াবিদদের।






