রাজ্যের খবর

খুশির খবর: অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম শহর এবার হবে আলোকময়

Good news: The forest beauty of Jhargram city will now be illuminated

Truth Of Bengal:দেবব্রত বাগ, ঝাড়গ্রাম: প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ‘অরণ্য সুন্দরী’ ঝাড়গ্রাম শহরের পরিকাঠামো উন্নয়নের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল প্রশাসন। দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন ওয়ার্ডে রাস্তার আলো না থাকা এবং আলো নষ্ট হয়ে যাওয়ার সমস্যার মোকাবিলায় এবার বড়সড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রাম শহরের ১৮টি ওয়ার্ডের মধ্যে বহু জায়গায় পথবাতি নেই, আবার অনেক জায়গায় পোস্ট থাকলেও আলো বসানো হয়নি বা বাতিগুলি নষ্ট হয়ে দীর্ঘদিন অন্ধকারে পড়ে রয়েছে।

এই অবস্থার পরিবর্তনে প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে শহরের আলোকসজ্জা প্রকল্পের কাজ শুরু হতে চলেছে। ইতিমধ্যেই প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া ও ওয়ার্ক অর্ডার সম্পন্ন হয়েছে। রাজ্য বনদফতরের মন্ত্রী ও ঝাড়গ্রাম পুরসভার বিশেষ দায়িত্বপ্রাপ্ত বিরবাহা হাঁসদা এবং জেলা শাসক সুনীল আগরওয়ালের উদ্যোগে এই প্রকল্প দ্রুত বাস্তবায়নের পথে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আলো বসানোর ক্ষেত্রে অপচয় রোধ করতে প্রতিটি ওয়ার্ডের বিদ্যমান বাতির সংখ্যা ও অবস্থান খতিয়ে দেখা হচ্ছে। যেসব ওয়ার্ডে একেবারেই আলো নেই বা পর্যাপ্ত নয়, সেখানে নতুন এলইডি আলো বসানো হবে। অনেক জায়গায় পোস্ট থাকা সত্ত্বেও আলো না থাকায় সেগুলিকে অগ্রাধিকার ভিত্তিতে পরিকল্পনায় আনা হচ্ছে।

এই প্রসঙ্গে রাজ্য বনদফতরের মন্ত্রী বিরবাহা হাঁসদা জানান, “শহরে পর্যাপ্ত আলো নেই—এই সমস্যা দীর্ঘদিনের। সেই কারণে বরাদ্দ অর্থে শহরের বিভিন্ন ওয়ার্ডে নতুন আলো বসানোর কাজ শুরু করা হচ্ছে। ওয়ার্ক অর্ডার দেওয়া হয়ে গেছে, কাজ খুব শীঘ্রই শুরু হবে।” প্রশাসনের এই পদক্ষেপে ঝাড়গ্রাম শহরবাসীর বহু দিনের দাবি পূরণ হতে চলেছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। অরণ্য শহর এবার সত্যিই হয়ে উঠবে আলোকময়।

Related Articles