রাজ্যের খবর

উর্দি গায়ে তৃণমূল পার্টি অফিসে ক্যারম! ৩ জওয়ানকে সাসপেন্ড করল কমিশন

ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরেই এই বিতর্কের সূত্রপাত, যেখানে দেখা যায় ইউনিফর্ম পরা কয়েকজন জওয়ান স্থানীয়দের সঙ্গে ক্যারম খেলছেন বলে দাবি।

Truth of Bengal: ভোটের আবহে আবারও বিতর্কে কেন্দ্রীয় বাহিনী। সিউড়িতে তৃণমূলের দলীয় কার্যালয়ের ভিতরে ক্যারম খেলার অভিযোগে তিন জওয়ানকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরেই এই বিতর্কের সূত্রপাত, যেখানে দেখা যায় ইউনিফর্ম পরা কয়েকজন জওয়ান স্থানীয়দের সঙ্গে ক্যারম খেলছেন বলে দাবি।

শনিবার সকালে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিও ক্লিপে দেখা যায়, তিনজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান একটি ঘরের মধ্যে রয়েছেন। তাঁদের মধ্যে একজন ক্যারম খেলছেন, অন্যরা তা দেখছেন। অভিযোগ, সেটি সিউড়ির তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি Truth of Bengal, তবুও বিরোধীদের অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ করে নির্বাচন কমিশন।

কমিশনের তরফে জানানো হয়েছে, তিন জওয়ানকে অবিলম্বে সাসপেন্ড করা হয়েছে এবং পুরো ঘটনার বিচারবিভাগীয় তদন্ত শুরু হবে। নির্বাচনকালীন সময়ে বাহিনীর নিরপেক্ষতা বজায় রাখার প্রশ্নে কোনও রকম আপস করা হবে না বলেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।

এই ঘটনায় রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তরজা। বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “এটা অত্যন্ত নিন্দনীয়। কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে।” একইভাবে কংগ্রেস নেতৃত্বও বিষয়টিকে অনুচিত বলে মন্তব্য করেছে।

অন্যদিকে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, সাধারণ মানুষের সঙ্গে স্বাভাবিক যোগাযোগ অপরাধ নয়। তাঁদের মতে, জওয়ানদের সঙ্গে স্থানীয়দের কথাবার্তা বা মেলামেশাকে বাড়িয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, এর আগেও নির্বাচন চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর আচরণ নিয়ে কমিশন কড়া নির্দেশিকা জারি করেছিল। এমনকি রাজনৈতিক অনুষ্ঠানে উপস্থিতি নিয়েও আপত্তি জানিয়েছিল। সেই প্রেক্ষিতেই এবার এই ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে।

Related Articles