কলকাতারাজ্যের খবর

উৎসবের আবহে বাধ সাধবে বৃষ্টি! নতুন নিম্নচাপ নিয়ে কী জানাল আবহাওয়া দফতর?

রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াস।

Truth Of Bengal: পঞ্চমী থেকেই শুরু প্যান্ডেল হপিং। বৃষ্টিকে উপেক্ষা করেই প্যান্ডেলে ভিড়। আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে,  নিম্নচাপের প্রভাবে পুজোয় ভারী বৃষ্টি কলকাতায়। শনিবার সকালে ওড়িশার উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করেছিল নিম্নচাপ। ধীরে ধীরে শক্তি হারিয়ে তা আরও পশ্চিমে সরবে।  হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, রবিবার থেকে বুধবার অর্থাৎ নবমী পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই।

বিশেষত দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে জারি হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। কলকাতাতেও অন্তত দু’দিন ধরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায়  ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। নবমীর পর থেকে আবারও নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। দশমীর দিন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়ায়।

একাদশীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদেও। নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে। সেই কারণে মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।  অন্যদিকে উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আগামী কয়েকদিন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণের মতোই উত্তরেও কিন্তু একাদশী পর্যন্ত ভারী বৃষ্টি হবে। ষষ্ঠীর সকাল থেকে রোদের দেখা পাওয়া গিয়েছে। কয়েকটি জায়গায় বৃষ্টি হয়েছে। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াস।

Related Articles