রাজ্যের খবর

Duars Leopard Attack: ডুয়ার্সের লোকালয়ে চিতাবাঘের উপদ্রব! মাঝরাতে বাড়িতে ঢুকে ছাগল তুলে নিল বাতাবারির বাঘ

ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত আনুমানিক তিনটে নাগাদ। স্টাফ লাইনের বাসিন্দা শাহিদ আলমের বাড়িতে ঢুকে চিতাবাঘটি ঘর থেকে একটি ছাগল ধরে নিয়ে যায়।

Truth of Bengal: ডুয়ার্সের লোকালয়ে আবারও চিতাবাঘের (লেপার্ড) আনাগোনা দেখা দিয়েছে। এবার মাটিয়ালি ব্লকের বাতাবারি চা বাগানের স্টাফ লাইন এলাকায় একটি বাড়িতে ঢুকে চিতাবাঘটি ছাগল তুলে নিয়ে গেল। এই ঘটনায় এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত আনুমানিক তিনটে নাগাদ। স্টাফ লাইনের বাসিন্দা শাহিদ আলমের বাড়িতে ঢুকে চিতাবাঘটি ঘর থেকে একটি ছাগল ধরে নিয়ে যায়। ছাগলটির চিৎকারে বাড়ির সদস্যরা বাইরে বেরিয়ে আসেন এবং দেখতে পান যে ছাগলটি চা বাগানের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। জানা যায়, চিতাবাঘটি কেবল ছাগলটিকেই নয়, ওই এলাকার একটি কুকুরকেও গুরুতর আহত করেছে।

স্থানীয় বাসিন্দাদের ধারণা, কাছাকাছি চা বাগানের ঝোপঝাড়ের মধ্যেই চিতাবাঘটি আশ্রয় নিয়ে রয়েছে। এলাকার মানুষজন বলছেন, এই অঞ্চলে এর আগেও চিতাবাঘের হামলার ঘটনা ঘটেছে এবং অতীতে বনদপ্তর বেশ কয়েকটি চিতাবাঘকে খাঁচা পেতে ধরেছিল।

সর্বশেষ এই ঘটনায় পুরো বাতাবারি চা বাগান এলাকায় চিতাবাঘের আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তার স্বার্থে দ্রুত ওই এলাকায় খাঁচা বসানোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বনদপ্তরের তরফে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।

Related Articles