জলপাইগুড়িতে পথ দুর্ঘটনায় মৃত্যু সাইকেল আরোহীর
Cyclist dies in road accident in Jalpaiguri
The Truth Of Bengal, জলপাইগুড়িঃ দ্রুতগতি বাইকের ধাক্কায় মৃত্যু হলো সাইকেল আরোহীর, ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।মৃত ব্যাক্তির নাম রতন রায়(৪০)। তিনি ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ছিলেন।বুধবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের পূর্ব ডাউকিমারি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজমিস্ত্রি কাজ করে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন রতন রায়।সেসময় একটি দ্রুতগতির বাইক এসে তাকে সামনে থেকে ধাক্কা মারে। ছিটকে পড়েন সাইকেল আরোহী।
এমনকি বাইকে তিনজনও ছিটকে পড়েন। বিকট শব্দে স্থানীয়রা ছুটে যায়। খবর দেওয়া হয় ধূপগুড়ি দমকল কেন্দ্রে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে ধূপগুড়ি দমকল কেন্দ্রের কর্মীরা সকলকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাইকেল আরোহী রতন রায়কে মৃত বলে ঘোষণা করেন। সেইসাথে বাইকে থাকা তিনজনের আঘাত গুরুতর হওয়ায় তাদেরকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে হাসপাতালে আসেন ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধর। হাসপাতালে আসে ধূপগুড়ি থানার পুলিশও। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে।
তবে দুর্ঘটনা কমাতে সেফ ড্রাইভ সেভ লাইভ নিয়ে রাজ্য জুড়ে প্রচার চললেও একশ্রেণীর মানুষ যে এখনো সচেতন নয় এদিনের ঘটনায় তা আবারো প্রমাণিত।
FREE ACCESS






