রাজ্যের খবর

ট্যাব-কেলেঙ্কারিতে সাইবার ক্যাফে যোগ? মালদহ থেকে ধৃত আরও ৪

Cyber ​​cafe added to tab scam? 4 more arrested from Malda

Truth Of Bengal: শিক্ষার্থীদের জন্য রাজ্য সরকারের ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের অধীনে ট্যাব কেনার জন্য প্রদত্ত টাকার অপব্যবহারের অভিযোগে মালদহ থেকে আরও চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৈষ্ণবনগর এলাকা থেকে তাদের আটক করা হয়। এর আগে এই একই অভিযোগে উত্তর দিনাজপুর ও মালদহ থেকে আরও কয়েকজনকে ধরা হয়েছিল।

এই প্রকল্পের আওতায় একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের এককালীন ১০ হাজার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়, তবে অভিযোগ উঠেছে যে অনেক শিক্ষার্থীর টাকা অ্যাকাউন্টে ঢোকেনি কিংবা ভুল অ্যাকাউন্টে চলে গেছে। পূর্ব বর্ধমানসহ বিভিন্ন স্থানে টাকা হাতানোর বিষয়ে অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ।

নতুন করে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন রকি শেখ, পিন্টু শেখ, শ্রবণ সরকার, এবং জামাল শেখ—যাদের সবার বৈষ্ণবনগরে সাইবার ক্যাফে রয়েছে। অভিযোগ, এই সাইবার ক্যাফেগুলি থেকেই ট্যাব প্রকল্পের টাকা হাতানোর পরিকল্পনা ও কার্যক্রম চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের কাছ থেকে ১৫টি পেনড্রাইভ, ল্যাপটপ, কম্পিউটারের হার্ড ড্রাইভ, ডায়েরি ও ব্যাঙ্ক সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তকারীরা ধারণা করছেন, এই ট্যাব-কেলেঙ্কারির চক্রে আরও বেশ কিছু ব্যক্তি জড়িত রয়েছে, যাদের চিহ্নিত করার কাজ চলছে।

মঙ্গলবার বৈষ্ণবনগর থেকেই হাসেম আলি নামে একজন সাইবার ক্যাফে মালিককে গ্রেফতার করা হয়েছিল, এবং উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে আশারুল হোসেন, সাদিক হোসেন, ও মোবারক হোসেন নামে আরও তিন জনকে আটক করেছে পুলিশ।

Related Articles