দেশ

কুলগাম হামলার ৫ দিনের মাথায় বড় সাফল্য সেনার! খতম লস্করের দুই জঙ্গি, নিহত মাস্টারমাইন্ড

কুলগামে সিআরপিএফের চেকপয়েন্টে হামলার ঘটনায় সরাসরি যুক্ত ছিল এই দুই জঙ্গি

Truth of Bengal: জম্মু ও কাশ্মীরে জঙ্গিদমন অভিযানে বড়সড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে খতম করা হল লস্কর-ই-তইবার দুই জঙ্গিকে। নিরাপত্তাবাহিনীর দাবি, গত ১১ নভেম্বর কুলগামে সিআরপিএফের চেকপয়েন্টে হামলার ঘটনায় সরাসরি যুক্ত ছিল এই দুই জঙ্গি। মাত্র পাঁচ দিনের মধ্যেই তাদের খুঁজে বের করে নিকেশ করল যৌথ বাহিনী। নিহত দুই জঙ্গির মধ্যে একজনের পরিচয়ও সামনে এসেছে। তার নাম লতিফ ভাট। গোয়েন্দা সূত্রের দাবি, সিআরপিএফ ক্যাম্পে হামলার মূল পরিকল্পনাকারী ছিল এই লস্কর জঙ্গি।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর কুলগাম জেলার একটি চেকপয়েন্টে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ জওয়ানদের লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। মোটরবাইকে চেপে এসে আচমকাই ক্যাম্প লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা। দুপুর ২টো ১২ মিনিট নাগাদ এই হামলার ঘটনা ঘটে। অতর্কিত গুলিবর্ষণে আহত হন তিন সিআরপিএফ জওয়ান। হামলা চালিয়েই মোটরবাইকে চেপে এলাকা ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনার পরই গোটা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। জখম জওয়ানদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি হামলাকারীদের সন্ধানে শুরু হয় চিরুনি তল্লাশি। তদন্তে উঠে আসে লস্কর জঙ্গি লতিফ ভাটের নাম। এরপর থেকেই তাকে ধরতে বিভিন্ন এলাকায় নজরদারি ও তল্লাশি অভিযান চালাতে থাকে নিরাপত্তাবাহিনী।

অবশেষে রবিবার গোপন সূত্রে খবর আসে, কুলগাম জেলার মীর বাজার সংলগ্ন এলাকায় আত্মগোপন করে রয়েছে সন্দেহভাজন জঙ্গিরা। খবর পেয়েই দ্রুত ওই এলাকা ঘিরে ফেলে যৌথ বাহিনী। শুরু হয় তল্লাশি অভিযান। নিরাপত্তাবাহিনীর ঘেরাটোপে আটকে পড়ে পালানোর রাস্তা না পেয়ে জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। এরপরই শুরু হয় দু’পক্ষের মধ্যে তীব্র গুলির লড়াই। জঙ্গিদের গুলির জবাব দেয় যৌথ বাহিনীও। দীর্ঘক্ষণ সংঘর্ষের পর দুই লস্কর জঙ্গিকে নিকেশ করা হয়েছে বলে নিরাপত্তাবাহিনীর তরফে জানানো হয়েছে। তাদের মধ্যে লতিফ ভাটের মৃত্যু বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন নিরাপত্তা আধিকারিকরা। কারণ, সাম্প্রতিক সিআরপিএফ চেকপয়েন্টে হামলার নেপথ্যে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে অভিযোগ। গত ১১ নভেম্বরের হামলার পর থেকে জঙ্গিদের খোঁজে লাগাতার অভিযান চালাচ্ছিল সেনা ও নিরাপত্তাবাহিনী। মাত্র পাঁচ দিনের মধ্যে অভিযুক্তদের খুঁজে বের করে এই সাফল্য উপত্যকায় জঙ্গিদমন অভিযানে বড় পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। তবে এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তল্লাশি ও নিরাপত্তা নজরদারি অব্যাহত রয়েছে।

Related Articles