হুগলিতে সব থেকে বড় জল প্রকল্প এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee

The Truth of Bengal: রাজ্যের মধ্যে সব থেকে বড় জল প্রকল্প এর উদ্বোধন হলো হুগলি জেলায়। হুগলির উত্তরপাড়ায় রাজ্যের বৃহত্তম জল শোধনাগারের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটির (কেএমডিএ) উদ্যোগে এই ‘ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’ তৈরি করতে খরচ হয়েছে ১৫৫৬.৩৫ কোটি টাকা। এই জল শোধনাগারে প্রতিদিন ৫৫ মিলিয়ন গ্যালন জল পরিশোধন করা যাবে। স্বাধীনতার পরবর্তী সময়ে এটি হলো বৃহত্তম জল শোধনাগার। সাতটি পুরসভা এবং ছ’টি পঞ্চায়েত এলাকার প্রায় ২০ লাখ মানুষ উপকৃত হবেন এই জল শোধনাগারের মাধ্যমে।
উত্তরপাড়ার এই নতুন জল শোধনাগার টালার থেকে ৬ গুণ বেশি শক্তিশালী। উত্তরপাড়ার এই ওয়াটার প্ল্যান্ট রাজ্যের বৃহত্তম জল শোধনাগার। এই জল শোধনাগার তৈরি হয়েছে প্রায় ১০ একর জমির উপর। এই জমির মালিকানা প্রাথমিকভাবে ছিল কলকাতা পুরনিগমের হাতে। তারপর এটির মালিকানা হস্তান্তর করা হয় কেএমডিএকে। একটা সময় কথা ছিল এই জমিতে তৈরি করা হবে ফিল্ম সিটি। শেষমেষ এই জমিতে তৈরি হয়েছে ওয়াটার প্ল্যান্ট। এই ‘ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’ নির্মাণ শুরু হয় ২০১৯ সালে। ৬০টি ওভারহেড ট্যাংক রয়েছে এতে। মাটির নিচে রয়েছে সাতটি রিজার্ভার।
এছাড়াও একটি ভাসমান জেটি তৈরি করা হয়েছে নদীর উপর। কোন্নগর,কানাইপুর,নবগ্রাম, রঘুনাথপুর, উত্তরপাড়া, বৈদ্যবাটি, ডানকুনি, শ্রীরামপুর, চাঁপদানির মতো এলাকার মানুষরা নতুন এই জল সংশোধনাগারের ফলে উপকৃত হতে চলেছেন। এই জল শোধনাগার তৈরির ফলে হুগলির বিস্তীর্ণ অংশের জল সমস্যা অনেকটাই মিটবে। এই বিষয়ে উত্তরপাড়া পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব বলেন,এটা খুবই গর্বের বিষয় যে উত্তরপাড়ায় এই জল প্রকল্প চালু হলো।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অশেষ ধন্যবাদ এই জল প্রকল্প উদ্বোধন করার জন্য।এরফলে অনেক মানুষের জলের সমস্যার সমাধান হবে।






