Chapra Shooting Case: চাপড়ায় ব্যবসায়ীকে গুলি কাণ্ডে পুলিশের বড় সাফল্য! সাত দিন পর উদ্ধার জোড়া বিদেশি পিস্তল ও কার্তুজ
অভিযোগ, সেখানে একদল দুষ্কৃতী হঠাৎই তাঁদের ওপর চড়াও হয়। প্রাণভয়ে ইয়াসিন ও তাঁর সঙ্গীরা পালানোর চেষ্টা করলে দুষ্কৃতীরা তাঁদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ে।
মাধব দেবনাথ,নদিয়া: নদিয়ার চাপড়ায় ব্যবসায়ী ইয়াসিন মন্ডলের ওপর গুলি চালানোর ঘটনায় বড়সড় সাফল্য পেল পুলিশ। ধৃতদের জেরা করে এবং তাদের সাথে নিয়ে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ উদ্ধার করেছেন তদন্তকারীরা। ঘটনার সূত্রপাত সাত দিন আগে, যখন চাপড়া থানার হাটরা এলাকায় ব্যবসায়িক লেনদেনের বকেয়া টাকা চাইতে যান ইয়াসিন মন্ডল। অভিযোগ, সেখানে একদল দুষ্কৃতী হঠাৎই তাঁদের ওপর চড়াও হয়। প্রাণভয়ে ইয়াসিন ও তাঁর সঙ্গীরা পালানোর চেষ্টা করলে দুষ্কৃতীরা তাঁদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ে। একটি গুলি সরাসরি ইয়াসিনের হাতে লাগে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় এবং পরে জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
আক্রান্ত ব্যবসায়ীর লিখিত অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্তে নামে চাপড়া থানার পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। এরপর টানা সাতদিন জিজ্ঞাসাবাদের পর জানা যায় আগ্নেয়াস্ত্রের হদিশ।
শনিবার ধৃতদের সঙ্গে নিয়ে হাটরা এলাকার বিভিন্ন প্রান্তে চিরুনি তল্লাশি চালায় পুলিশ বাহিনী। সেই অভিযানেই উদ্ধার হয়: ৭ এমএম ক্যালিবারের দুটি উন্নতমানের ম্যাগাজিন। চার রাউন্ড তাজা গুলি। পুলিশের প্রাথমিক অনুমান, ব্যবসায়িক শত্রুতা বা আর্থিক বিবাদের জেরেই এই হামলার পরিকল্পনা করা হয়েছিল। তবে এই চক্রের শিকড় কতদূর বিস্তৃত এবং এই অস্ত্রগুলি কোথা থেকে আনা হয়েছিল, তা জানতে তদন্ত জারি রয়েছে। ধৃতদের সঙ্গে আর কেউ যুক্ত ছিল কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।






