
The Truth of Bengal: পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনসুকা এক গ্রাম পঞ্চায়েত এলাকায় শুক্রবার আবগারি দপ্তরের অভিযানে চোলাই মদ তৈরির ভাটিতে হানা দেওয়া হয়। অভিযানে ভেঙে নষ্ট করে দেওয়া হয় চোলাই ভাটি। চোলাই মদ তৈরির কাঁচামাল নষ্ট করার পাশাপাশি বাজেয়াপ্ত করা হয় মদ তৈরি সরঞ্জাম।
আবগারি দপ্তরের ডেপুটি এক্সাইজ কালেক্টর সুপ্রজিত হীরা জানান, শুক্রবার মনসুকা বরকতিপুর এলাকায় একাধিক বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে চোলাই মদ তৈরির কয়েকটি ভাটিতে হানা দেওয়া হয়। এছাড়াও কয়েক হাজার লিটার চোলাই মদের কাঁচামাল ও মদ তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়।
তবে চোলাই কারবারীদের কাউকেই গ্রেফতার করতে পারেনি আবগারি দপ্তর।তিনি আরও জানান, চোলাই মদ তৈরি ও বিক্রির বিরুদ্ধে আবগারি দপ্তর ও পুলিশের যৌথ অভিযান অব্যাহত থাকবে।






