নামখানায় পদ্ম-শিবিরে বড়সড় ধস, বকখালীতে ঘাসফুলে যোগ শতাধিক কর্মীর
বিজেপির এই ভাঙন ঘাসফুল শিবিরের হাতকে আরও শক্ত করল
Truth Of Bengal: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকে নিজেদের সংগঠন আরও মজবুত করল শাসকদল তৃণমূল কংগ্রেস। নামখানার ফ্রেজারগঞ্জ অঞ্চলের বকখালীতে আয়োজিত এক কর্মী সম্মেলনে বিজেপিতে বড়সড় ধস নামিয়ে ঘাসফুল শিবিরে যোগ দিলেন শতাধিক কর্মী। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগরের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরার উপস্থিতিতে এই দলবদল কর্মসূচিটি সম্পন্ন হয়। নবাগত কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাঁদের দলে স্বাগত জানান মন্ত্রী।
বিজেপি ত্যাগী কর্মীদের একাংশের অভিযোগ যে তাদের পুরনো দলে নিষ্ঠার অভাব রয়েছে এবং সাধারণ কর্মীদের মতামতের কোনো গুরুত্ব দেওয়া হয় না। দলত্যাগীদের দাবি অনুযায়ী ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতে বিজেপি জয়ী হলেও এলাকায় আশানুরূপ কোনো উন্নয়ন হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পগুলোর সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই তারা তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এই দলবদল প্রসঙ্গে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জানান যে মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজে অনুপ্রাণিত হয়েই মানুষ প্রতিনিয়ত শাসকদলের সঙ্গে যুক্ত হচ্ছেন। অন্যদিকে দলত্যাগী বিজেপি নেতা গৌরাঙ্গ খাঁড়া ও সুনীল বারুইয়ের মতে উন্নয়নের শরিক হতেই তাদের এই সিদ্ধান্ত। রাজনৈতিক মহলের মতে বিধানসভা নির্বাচনের আগে সুন্দরবন উপকূলবর্তী এলাকায় বিজেপির এই ভাঙন ঘাসফুল শিবিরের হাতকে আরও শক্ত করল।






