কলকাতা
টানা ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরও স্বস্তি নেই! রবিবার ফের সিআইডি দফতরে অভিষেকের আপ্তসহায়ক
রবিবার সকাল ১০টার সময় হাজিরার নির্দেশ থাকলেও নির্ধারিত সময়ের মিনিট দশেক আগেই, সকাল ৯টা ৪৯ মিনিটে ভবানী ভবনে পৌঁছে যান তিনি।
Truth of Bengal: শালবনি থানায় দায়ের হওয়া জমি দুর্নীতি মামলার তদন্তে সিআইডি-র তলবে ফের সাড়া দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। রবিবার সকাল ১০টার সময় হাজিরার নির্দেশ থাকলেও নির্ধারিত সময়ের মিনিট দশেক আগেই, সকাল ৯টা ৪৯ মিনিটে ভবানী ভবনে পৌঁছে যান তিনি। সিআইডি কার্যালয়ে প্রবেশের সময় সাংবাদিকদের কোনো প্রশ্নেরই উত্তর দেননি সুমিত।
এর আগে শুক্রবার নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে গিয়ে শনিবার সকালে হাজিরার নোটিস দিয়েছিলেন গোয়েন্দারা। সেই অনুযায়ী শনিবার সকালে ভবানী ভবনে যান তিনি এবং টানা প্রায় ১০ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।
শনিবার রাত ৮টা নাগাদ ভবানী ভবন থেকে বেরিয়ে তিনি সোজা অভিষেকের বাড়িতে চলে যান। প্রথম দফার দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর সিআইডি থেকে তাঁকে রবিবার পুনরায় উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।






