কলকাতারাজ্যের খবর

নির্বাচনের আবহে ‘অশান্তি তৈরির চেষ্টা’! শান্তি বজায় রাখার বার্তা মুখ্যমন্ত্রী মমতার

সেই অনুষ্ঠান থেকেই তিনি আশঙ্কা প্রকাশ করেন, ভোটের আগে ইচ্ছাকৃত ভাবে অশান্তির পরিস্থিতি তৈরি করা হতে পারে।

Truth Of Bengal: ভোটমুখী বাংলায় নির্বাচনের আগে অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা চলছে বলে আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্ন থেকে রাজ্যবাসীর উদ্দেশে শান্তি ও সংযম বজায় রাখার বার্তা দেন তিনি। কোনও প্ররোচনায় পা না দেওয়ার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘এই বাংলা সবার।’ এদিন নবান্ন থেকেই ওয়াটগঞ্জের দইঘাটে নতুন শ্মশানের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নবরূপে নির্মিত সিরিটি মহাশ্মশান-এর ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

সেই অনুষ্ঠান থেকেই তিনি আশঙ্কা প্রকাশ করেন, ভোটের আগে ইচ্ছাকৃত ভাবে অশান্তির পরিস্থিতি তৈরি করা হতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেউ কেউ ভোটের জন্য দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। কিন্তু আমাদের এখানে থাকতে হয় ৩৬৫ দিন।’ তিনি আরও বলেন, রাজ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বাস করেন। ঝগড়া-বিবাদ হলে রাস্তা বা রেল অবরোধের মতো পরিস্থিতি তৈরি হয়। কিন্তু এমন পরিস্থিতি তিনি চান না বলেই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘আমি চাই সবাই একসঙ্গে মিলে-মিশে থাকুক।’

অশান্তি সৃষ্টির নেপথ্যে কারা রয়েছে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি মুখ্যমন্ত্রী। তবে রাজ্যবাসীকে শান্তিশৃঙ্খলা বজায় রাখার বার্তা দিয়ে তিনি বলেন, ‘এই বাংলা সবার।’ অন্যদিকে, ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপর হেনস্থার অভিযোগ নিয়েও এদিন সরব হন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বাংলায় প্রায় দেড় কোটি ভিনরাজ্যের শ্রমিক কাজ করেন এবং এখানে তাঁদের কোনও সমস্যার মুখে পড়তে হয় না। কিন্তু বাংলার শ্রমিকরা বাইরে কাজ করতে গেলে নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। এই পরিস্থিতিতে ফের একবার পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। রাজ্যেই তাঁদের কাজের সুযোগ করে দেওয়ার আশ্বাসও দেন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের অনেক শিল্প হচ্ছে, হাউজিং হচ্ছে। পাটশিল্পে ১০ হাজার শ্রমিককে ট্রেনিং দিয়ে চাকরি দেওয়া হবে।’

Related Articles