সোলার চার্জে ব্যাটারি চালিত নৌকা, পরিবহন ব্যবস্থার নয়া উদ্যোগ
Battery-powered boats on solar charge, new initiative of transport system
Truth of Bengal: পাথরপ্রতিমা ব্লকের ফেরিঘাটগুলিতে পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী যাত্রী পরিবহন নিশ্চিত করতে অভিনব পদক্ষেপ নিল ব্লক প্রশাসন। এখন ফেরিঘাটগুলিতে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে সোলার শক্তি নির্ভর ব্যাটারি চালিত নৌকা। এর ফলে একদিকে যেমন দূষণ অনেকটাই কমেছে, তেমনি যাত্রী পরিবহনও হয়েছে আরও দ্রুত ও কার্যকর।
প্রথম পর্যায়ে ব্লকের যুধিষ্ঠির জানার খেয়াঘাট এবং বনশ্যামনগরের খেয়াঘাটে এই ব্যাটারি চালিত নৌকা পরিষেবা চালু করা হয়েছে। নৌকার ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ঘাটের পাশেই তৈরি হয়েছে সোলার চার্জিং স্টেশন। প্রতিদিন রাতে নৌকা থেকে দুটি ব্যাটারি খুলে এনে চার্জিং স্টেশনে চার্জ দেওয়া হয়, এবং সকালে পুরো চার্জ হয়ে গেলে ফের তা নৌকায় বসিয়ে নদী পারাপার করা হয়। এই নৌকাগুলিতে অত্যাধুনিক সেন্সর প্রযুক্তিও রয়েছে, যার মাধ্যমে মাঝি মোবাইলে সহজেই দেখে নিতে পারেন ব্যাটারির চার্জের অবস্থা।
নৌকার মাঝি আর্য্য কুমার মাইতি জানিয়েছেন, “আগে ইঞ্জিন চালিত পাখা লাগানো নৌকা চালাতে সময় বেশি লাগত। ৬০০ মিটার নদী পারাপার করতে যেখানে ২০ মিনিট লাগত, সেখানে এখন মাত্র ১৫ মিনিটেই পারাপার সম্ভব হচ্ছে। যাত্রী ভাড়াও অপরিবর্তিত রাখা হয়েছে। ব্যাটারি চালিত মেশিনের সুবিধা হল, ইঞ্জিনের মতো শব্দ হয় না, ধোঁয়া বের হয় না, এবং খরচও কম।” যাত্রী তপন জানা বলেন, “এখন নৌকায় কোনও শব্দ নেই, ধোঁয়া নেই, সময়ও বাঁচে। খুবই ভালো লাগছে।”
প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, এই পদ্ধতির সাফল্য মিললে পাথরপ্রতিমা ব্লকের সব ফেরিঘাটেই ধাপে ধাপে সোলার চার্জে ব্যাটারি চালিত নৌকা চালু করা হবে। এতে যেমন নদীর দূষণ কমবে, তেমনই জ্বালানি খরচ কমিয়ে পরিবহন হবে আরও পরিবেশবান্ধব ও টেকসই।






