রণক্ষেত্র বাসন্তী! বিজেপির প্রচারে হামলা, ইট-বৃষ্টিতে জখম ৮ পুলিশ
কোনওক্রমে প্রাণ বাঁচাতে বিজেপি প্রার্থী বিকাশ সর্দার ঘটনাস্থল ছেড়ে কাছের ভারত সেবাশ্রমে আশ্রয় নেন বলে জানা গেছে।
গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা: বিধানসভা নির্বাচনের আগে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী। বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের প্রচার ঘিরে বৃহস্পতিবার সকালে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ, প্রচারের সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়, যার জেরে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।
ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তবে অভিযোগ, পুলিশ বিজেপি কর্মীদের প্রচার বন্ধ করতে বলে, কারণ অশান্তির আশঙ্কা ছিল। এই নির্দেশ ঘিরেই শুরু হয় তীব্র বচসা। বিজেপি কর্মীরা সাফ জানিয়ে দেন, কোনও অবস্থাতেই প্রচার বন্ধ করা হবে না।
এরপর পরিস্থিতি আরও খারাপ হয়। অভিযোগ, আচমকাই হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। শুরু হয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। একে অপরকে লক্ষ্য করে ইট ছোড়া, লাঠি নিয়ে মারামারি, সব মিলিয়ে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে গুরুতর জখম হন ৮ জন পুলিশকর্মী। এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। কোনওক্রমে প্রাণ বাঁচাতে বিজেপি প্রার্থী বিকাশ সর্দার ঘটনাস্থল ছেড়ে কাছের ভারত সেবাশ্রমে আশ্রয় নেন বলে জানা গেছে।
যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল। দলের স্থানীয় নেতৃত্বের দাবি, “এটা সম্পূর্ণ জনরোষ। বিজেপির বিরুদ্ধে মানুষের ক্ষোভ থেকেই এই ঘটনা ঘটেছে।”






