দোহার বৈঠকে সাফল্য, ইমিডিয়েট সিজফায়ারে রাজি আফগান-পাক
গত শুক্রবার পরিস্থিতি আরও স্পর্শকাতর হয়ে ওঠে যখন পাক সেনাদের তরফ থেকে এয়ার স্ট্রাইক করা হয় আফগান সীমান্তবর্তী পাকতিকা প্রদেশে।
Truth Of Bengal: আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে উগ্র সংঘাতকে কেন্দ্র করে ব্যাপক হইচই পড়েছিল আন্তর্জাতিক রাজনৈতিক মহলে। একাধিক দেশের তরফ থেকে দুপক্ষকে বার্তা দেওয়া হয়েছিল আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের। কিন্তু তাতেও লাভ হয়নি। অবশেষে এমন পরিস্থিতিতে রবিবার ভোরে কাতারের দোহায় একটি শান্তি আলোচনার আয়োজন করা হয় এবং সেখানে দুই দেশই ইমিডিয়েট সিজফায়ারে রাজি হয়েছে। এমনটাই দাবি করা হয়েছে কাতারের বিদেশ মন্ত্রকের তরফ থেকে।
কাতার যে বিবৃতি দিয়েছে, সেই অনুযায়ী আফগানিস্তান ও পাকিস্তান, দুই দেশই আগামী দিনগুলিতে যুদ্ধবিরতির স্থায়িত্ব নিশ্চিত করতে এবং বিশ্বাসযোগ্য পদ্ধতিতে তা বাস্তবায়ন করতে আগামী আলোচনায় বসতে রাজি হয়েছে। আন্তর্জাতিক রাজনৈতিক মহলের মতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ উত্তেজনা কমাতে এবং লং-টার্ম স্টেবিলিটি প্রতিষ্ঠা করতে ২ হাজার ৬০০ কিলোমিটার দীর্ঘ পাক-আফগান সীমান্তে।
প্রসঙ্গত, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে হওয়া সংঘাতে একাধিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। পাশাপাশি, আহত হয়েছেন অনেকে। প্রায় এক সপ্তাহ ধরে সংঘাত চলার পর ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল দুই দেশ। কিন্তু তা বজায় রাখার পরিবর্তে আক্রমণ করা হয় পাকিস্তানের তরফ থেকে। গত শুক্রবার পরিস্থিতি আরও স্পর্শকাতর হয়ে ওঠে যখন পাক সেনাদের তরফ থেকে এয়ার স্ট্রাইক করা হয় আফগান সীমান্তবর্তী পাকতিকা প্রদেশে। তাতে মারা যান ৩ জন তরুণ ক্রিকেটার সহ ১০ জন। এছাড়া জখম হন অনেকে, যাঁর মধ্যে ছিলেন ২ জন শিশুও। এখন যখন দোহার বৈঠকে সাফল্য এসেছে, সেক্ষেত্রে নজর থাকবে আগামীদিনে কোন পথে এগোয়ে গোটা বিষয়টি।


