Uncategorized

আগেই কেড়ে নেওয়া হয়েছে সাংসদ পদ, এবার মহুয়াকে বাংলো-ছাড়া করার তৎপরতা

Process Mahua Moitra Bungalow Vacating

The Truth of Bengal: এথিক্স কমিটির প্রস্তাব মেনে খারিজ করা হয়েছে সাংসদ পদ। বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে এবার বাংলো খালি করার জন্য নির্দেশ দিতে বলল সংসদের আবাসন কমিটি। এই আবেদন করে আবাসন কমিটি চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় আবাসন এবং নগরোন্নয়ন মন্ত্রককে। যদিও তিনি এখনও এই সংক্রান্ত কোনও চিঠি এখনও পাননি বলে দাবি করেছেন মহুয়া মৈত্র।

অনৈতিক ভাবে তাঁকে বহিষ্কার করা হয়েছে দাবি করে মহুয়া মৈত্র এর ‘শেষ’ দেখে ছাড়ার কথা বলেছিলেন। সোমবার তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। সুপ্রিম কোর্টে ১৫ পাতার আবেদনে বিষয়টি বিস্তারিত লিখেছেন মহুয়া। এথিক্স কমিটির রিপোর্ট এবং তাঁকে বহিষ্কারের প্রস্তাবকে ‘সত্যের বিকৃতি’ বলে উল্লেখ করেছেন মহুয়া। নিশিকান্ত দুবে ও জয় দেহাদ্রাই-এর অভিযোগের বয়ান তুলে ধরে মহুয়া দেখাতে চেয়েছেন তাঁর বিরুদ্ধে অভিযোগে কতটা পরস্পর বিরোধিতা আছে। এমন অবস্থায় এবার মহুয়া মৈত্রকে তাঁর জন্য বরাদ্দ সরকারি বাংলো খালি করার জন্য আসরে নামল সংসদের আবাসন কমিটি।

লোকসভায় মহুয়ার বিরুদ্ধে ‘ঘুসের বিনিময়ে প্রশ্ন করা’-র অভিযোগ তুলেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তার ভিত্তিতে বিষয়টি তদন্ত করে লোকসভার এথিক্স কমিটি। সেই তদন্তের রিপোর্ট শুক্রবার লোকসভায় আনুষ্ঠানিক ভাবে পেশ করেন এথিক্স কমিটির চেয়ারম্যান তথা বিজেপি সাংসদ বিনোদ সোনকর। কিন্তু রিপোর্ট প্রকাশের আগেই মহুয়াকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে ফাঁস হয়ে যায়। যা নিয়ে প্রশ্ন তোলেন মহুয়া। শুক্রবার লোকসভায় ধ্বনিভোটে খারিজ হয়ে যায় মহুয়ার সাংসদ পদ। মহুয়াকে বহিষ্কারের পর একযোগে বিরোধীরা তাঁর পাশে দাঁড়িয়ে সরব হয়েছিলেন। তাতে ‘ইন্ডিয়া’ জোটের সার্বিক ঐক্যবদ্ধ চেহারা সামনে আসে।

Free Access

Related Articles