Truth Of Bengal:বন্যার জেরে চরম সংকটে পাঞ্জাব। জলের তলায় বিস্তীর্ণ অঞ্চল। পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যা। বিশাল দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন সেই রাজ্যের নাগরিকরা। এমন পরিস্থিতিতে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, বন্যাবিধ্বস্ত রাজ্যে যাবেন তিনি এবং কথা বলবেন ক্ষতিগ্রস্তদের সঙ্গে। গেরুয়া শিবিরের পাঞ্জাবের সংগঠনের তরফ থেকে তা জানানো হয়েছে।(Narendra Modi)
এক্স হ্যান্ডেল থেকে তারা লিখেছে, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৯ সেপ্টেম্বর গুরুদাসপুর এ আসছেন। বন্যায় আক্রান্ত ভাই-বোন ও কৃষকদের সঙ্গে তিনি কথা বলবেন। তিনি সবরকম প্রচেষ্টা করবেন তাঁদের সাহায্যে।” প্রধানমন্ত্রী আসবে জানতে পেরে আশার আলো দেখছেন সেই রাজ্যের বহু মানুষ। তবে জানা গিয়েছে যে যা ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিয়ে তিনি আলোচনা করবেন।(Narendra Modi)
আরও জানা গিয়েছে যে কতটা ফসলের ক্ষতি হয়েছে, তার খোঁজ প্রধানমন্ত্রী নেবেন এবং সবরকম ব্যবস্থা নেওয়া হবে চাষের জমি বাঁচানোর বিষয়ে। পাশাপাশি, পুনর্বাসনেরও কাজ করা হবে। তিনি বিশেষ নজর দেবেন শতদ্রু, ইরাবতী সহ বহু নদীর পার বাঁচানোর ক্ষেত্রেও বলে খবর।(Narendra Modi)
উল্লেখ্য, এই পর্যন্ত মৃতের সংখ্যা এসে পৌঁছেছে ৪৬এ। ক্ষতিগ্রস্ত হয়েছে ৩.৫ লক্ষেরও বেশি মানুষ। জলের তলায় ২৩টি জেলা। গত ৩৭ বছরে পাঞ্জাব এমন ভয়াবহ বন্যা দেখেনি বলে দাবি করা হচ্ছে। পরিস্থিতি এতটাই শোচনীয় যে শেষ পর্যন্ত শাসকদল আম আদমি পার্টিকে ‘বিপর্যস্ত রাজ্য’ হিসেবে ঘোষণা করতে হয়েছে পাঞ্জাবকে। সকলেই শোকপ্রকাশ করেছেন। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ক্রীড়া ও বিনোদন জগতের সঙ্গে যুক্ত তারকারা।






