প্রযুক্তি

১২ বছর পর স্মার্টফোন বাজারে ফিরছে অ্যামাজন, বিশেষ চমক এআই ও অ্যালেক্সা

এই প্রজেক্টের কোডনেম রাখা হয়েছে 'ট্রান্সফর্মার'

Truth Of Bengal: দীর্ঘ এক যুগ পর স্মার্টফোনের দুনিয়ায় কামব্যাক করতে চলেছে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। ২০১৪ সালে নিজেদের প্রথম স্মার্টফোন ‘ফায়ার ফোন’ (Fire Phone) বাজারে এনেও ব্যর্থ হয়েছিল সংস্থাটি। তবে হাল ছাড়েননি অ্যামাজন প্রধান জেফ বেজোস।

তাঁর দীর্ঘদিনের পরিকল্পনাকে বাস্তবায়িত করতে এবার সম্পূর্ণ নতুন আঙ্গিকে স্মার্টফোন আনার প্রস্তুতি নিচ্ছে অ্যামাজন। অভ্যন্তরীণভাবে এই প্রজেক্টের কোডনেম রাখা হয়েছে ‘ট্রান্সফর্মার’।

অ্যামাজনের এই নতুন স্মার্টফোনটি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যালেক্সা-নির্ভর হতে চলেছে। ব্যবহারকারীরা যাতে সহজেই অ্যামাজনের নিজস্ব ইকোসিস্টেমের সঙ্গে যুক্ত থাকতে পারেন, সেই লক্ষ্যেই এটি তৈরি করা হচ্ছে।

জানা গেছে, এই ফোনের মাধ্যমে শপিং, প্রাইম ভিডিও, প্রাইম মিউজিক এবং ফুড ডেলিভারি পার্টনার গ্রাবহাব-এর পরিষেবা আরও দ্রুত ও সহজলভ্য হবে। এআই-এর বিশেষ ব্যবহারের ফলে প্রথাগত অ্যাপ স্টোরের ওপর নির্ভরতা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। স্মার্টফোন তৈরির এই গুরুদায়িত্ব সামলাচ্ছে ‘জিরোওয়ান’ নামে অ্যামাজনের একটি বিশেষ অভ্যন্তরীণ দল। এই দলটির নেতৃত্বে রয়েছেন মাইক্রোসফট এবং এক্সবক্স-এর প্রখ্যাত ব্যক্তিত্ব জে অ্যালার্ড।

সূত্রের খবর, অ্যামাজন সাধারণ স্মার্টফোনের পাশাপাশি স্ক্রিন অ্যাডিকশন কমাতে একটি মিনিমালিস্ট বা ‘ডাম্বফোন’ (Dumbphone) সংস্করণের কথাও বিবেচনা করছে। যদিও ফোনটির দাম বা লঞ্চের সঠিক তারিখ নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবে টেক দুনিয়ায় অ্যামাজনের এই প্রত্যাবর্তন ঘিরে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে।

Related Articles