খেলা

শুরু হতে চলেছে ভারতের ফুটবল মরসুম

The Indian football season is about to begin

Bangla Jago Desk: আগামীকাল থেকে মাঠে গড়াতে যাচ্ছে ইন্ডিয়ান সুপার লিগের নতুন মরসুম। প্রথম দিনেই মুখোমুখি হতে চলেছে আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান এবং আইএসএল কাপ বিজয়ী মুম্বই সিটি এফসি। এই ম্যাচকে ঘিরে সবুজ-মেরুন সমর্থকদের উত্তেজনা তুঙ্গে। এখন পর্যন্ত আইএসএলে সব মিলিয়ে  ১০বার মুখোমুখি হয়েছে দু’দল।

তার মধ্যে মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে মোহনবাগান। দুটি ম্যাচ ড্র হয়েছে। মুম্বই জিতেছে সাতটিতে। তাই এই ম্যাচ যে গঙ্গাপাড়ের ক্লাবটির জন্য কঠিন হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। প্রথম ম্যাচে জয় পেতে তাই শক্ত হাতেই অনুশীলন করাচ্ছে হেড কোচ মোলিনা।

গত বছর হাবাস দায়িত্বে থাকার সময় মুম্বইকে হারিয়ে লিগ চ্যাম্পিয়ন হলেও ফাইনালে কলকাতা থেকে কাপ জয় করে নিয়ে যায় বিপিন-ছাংতেরা। ওই দলের অংশ ছিলেন আপুইয়া। যিনি এ মরসুমে সবুজ-মেরুন জার্সি গায়ে চাপিয়েছেন। নিজের পুরাতন দলের সামনে ভাল পারফরম্যান্স করে নিজের নতুন দলকে জয় পাইয়ে দেওয়াই তাঁর সামনে এখন বড় লক্ষ্য।

অপর দিকে পিটার ক্র্যাটকি চাইবেন আধিপত্য রেখেই বিপক্ষের মাঠ থেকে তিন পয়েন্ট নিয়ে ঘরে ফিরতে। যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হতে চলেছে ম্যাচটি। শুরু হবে সন্ধে ৭:৩০ মিনিটে। সরাসরি সম্প্রচারিত হবে স্পোর্টস ১৮(৩) চ্যানেল ও জিও সিনেমাতে।

Related Articles