নয়া ফরম্যাটে বিশ্বকাপের দামামা! ভারত-শ্রীলঙ্কার মাটিতে শুরু হতে চলেছে টি-২০-র বিশ্বযুদ্ধ
আইসিসি সূত্রে খবর, গত ২০২৪-এর মতোই একই ফরম্যাটে খেলা হবে এবারের টি-২০ বিশ্বকাপে।
Truth Of Bengal: টি-২০ বিশ্বকাপে খেলবে ২০টি দেশ, ২০টি দল। যোগ্যতা অর্জন পর্বের শেষে চূড়ান্ত হয়ে গেল সেই ২০টি দলের তালিকা, যারা খেলবে বিশ্বকাপের মূল পর্বে। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে আর কিছুদিন পরেই শুরু হতে চলেছে ২০২৬-এর টি-২০ বিশ্বকাপ। তবে কবে থেকে শুরু, তা এখনও চূড়ান্ত হয়নি।
আইসিসি সূত্রে খবর, গত ২০২৪-এর মতোই একই ফরম্যাটে খেলা হবে এবারের টি-২০ বিশ্বকাপে। ২০টি দলকে ভাগ করা হবে চারটি গ্রুপে। গ্রুপ পর্বের খেলার পর চার গ্রুপের প্রতিটি থেকে দু’টি করে সেরা টিম যাবে পরের পর্বে। গ্রুপ পর্বে খেলা হবে ৪০টি ম্যাচ। পরের পর্বে খেলবে আটটি দেশ। সুপার এইট পর্বে আট দলকে দুই গ্রুপে ভাগ করা হবে, যেখানে খেলা হবে ১২টি ম্যাচ। পরের চূড়ান্ত পর্বে যাবে সেরা চারটি টিম – নক আউট পর্বে খেলা হবে তিনটি ম্যাচ। গ্রুপ পর্ব ও সুপার এইট – এই দুই পর্বেই খেলা হবে রাউন্ড রবিন ভিত্তিতে।
২০২৪-এর টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এবার আয়োজক দুই দেশের মধ্যে একটি হিসাবে খেলতে নামবে টিম ইন্ডিয়া। গতবার আমেরিকায় দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে হারিয়েছিল তারা। এবারও তাদের পারফরম্যান্সের দিকে নজর থাকবে ক্রিকেট বিশ্বের। গতবারের তারকা বিরাট-রোহিত-জাদেজাদের এবার দেখা যাবে না। তবে বাকি ১৯ দলের কাউকেই ছেড়ে কথা বলার পাত্র নয় মেন-ইন-ব্লু। এবার অন্যান্য দেশের সঙ্গে প্রথমবার টি-২০ বিশ্বকাপে জায়গা পেয়েছে ইটালি।
এবারের বাছাই করা ২০টি দলের মধ্যে শেষবারের টি-২০ বিশ্বকাপে ফলাফলের ভিত্তিতে ভারত ছাড়া সেরা সাত দল হিসাবে সরাসরি জায়গা পেয়েছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র। পাশাপাশি আইসিসি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে এবারের টি-২০ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে পাকিস্তান, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড। বাকি দলগুলি যোগ্যতা অর্জন পর্বের বেড়া টপকে জায়গা করে নিয়েছে টি-২০ বিশ্বকাপে।






