বেঙ্গালুরু এফসি অনুশীলনে সুনীল পুত্র ধ্রুব
বাবার হাত ধরে মাঠে নেমে ছোটাছুটি করা থেকে শুরু করে ফুটবলে লাথি—সব মিলিয়ে ইতিমধ্যেই নেটদুনিয়ায় তাকে ঘিরে শুরু হয়েছে জোর চর্চা।
Truth Of Bengal: বেঙ্গালুরু এফসির অনুশীলন মাঠে এ দিন এক বিশেষ অতিথির দেখা মিলল—বয়স মাত্র আড়াই বছর, তবু ফুটবলের প্রতি টান যেন রক্তে মিশে। তিনি ধ্রুব ছেত্রী, ভারতীয় ফুটবল কিংবদন্তি সুনীল ছেত্রীর পুত্র এবং প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্যের নাতি। বাবার হাত ধরে মাঠে নেমে ছোটাছুটি করা থেকে শুরু করে ফুটবলে লাথি—সব মিলিয়ে ইতিমধ্যেই নেটদুনিয়ায় তাকে ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। অনেকে আদর করে ‘জুনিয়র ছেত্রী’ বলেও ডাকছেন। দীর্ঘ টানাপোড়েন কাটিয়ে অবশেষে আইএসএল জট কেটেছে।
আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ১৪টি দল নিয়ে শুরু হতে চলেছে নতুন মরশুম। তবে লিগ শুরুর আগেই আর্থিক চাপে কঠিন সিদ্ধান্ত নিয়েছে বেঙ্গালুরু এফসি। ক্লাবের কর্ণধার পার্থ জিন্দাল জানিয়েছেন, বর্তমান ফর্ম্যাটে আইএসএলে অংশ নিতে গেলে প্রায় সব ক্লাবকেই বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। সেই চাপ সামাল দিতেই ফুটবলারদের বেতন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ক্লাবের পাশে দাঁড়ানোর জন্য খেলোয়াড়দের ধন্যবাদও জানিয়েছেন তিনি।
কম বেতন হলেও দায়বদ্ধতায় কোনও খামতি রাখছেন না সুনীল ছেত্রী। সতীর্থদের সঙ্গে নিয়মিত অনুশীলনে ব্যস্ত ভারতীয় ফুটবলের এই মহাতারকা। আর বুধবার সেই অনুশীলনেই বাবার সঙ্গী হয়েছিল ছোট্ট ধ্রুব। বেঙ্গালুরু এফসির সোশাল মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা যায়, অন্যান্য ফুটবলারদের মাঝেই দৌড়ঝাঁপ করছে সে, এমনকি শরীরচর্চার অনুকরণও করছে। ফুটবলের প্রতি এই স্বতঃস্ফূর্ত আগ্রহ দেখে অনেকেরই মত—ধ্রুবর জিনেই যেন লুকিয়ে রয়েছে ফুটবল।২০২৩ সালের আগস্টে সুনীল ও সোনম ভট্টাচার্যের জীবনে আসে ধ্রুব। এরপর থেকেই মাঝেমধ্যেই সোশাল মিডিয়ায় ধরা পড়ে তার নানা মুহূর্ত—কখনও বাবার সঙ্গে জিমে, কখনও বা মা-বাবার সঙ্গে খুনসুটিতে। এখন প্রশ্ন একটাই—বাবা ও দাদুর পথ অনুসরণ করে কি ভবিষ্যতে ফুটবলকেই বেছে নেবে ধ্রুব? আর একদিন কি জাতীয় দলের জার্সিতে দেখা যাবে আর এক ‘ছেত্রী’-কে? সময়ই দেবে সেই উত্তর।






