খেলা

Sachin Tendulkar Foundation: ছত্তিশগড়ের দন্তেওয়াড়াতে ৫০টি খেলার মাঠ তৈরি করবে শচীন ফাউন্ডেশন

মূলত আদিবাসী অধুষ্যিত এই দন্তেওয়াড়াতেই এবার খেলাধুলোর প্রসারের জন্য এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার শচীন তেন্ডুলকর

Truth of Bengal: ছত্তিশগড়ের জঙ্গলঘেরা শহর দন্তেওয়াড়া। যে শহর প্রায় প্রতিদিনই খবরের শিরোনামে উঠে আসে মাওবাদীদের হামলা বা সিআরপিএফ জওয়ানদের সঙ্গে তাঁদের রক্তাক্ষয়ী লড়াইয়ের জন্য। মূলত আদিবাসী অধুষ্যিত এই দন্তেওয়াড়াতেই এবার খেলাধুলোর প্রসারের জন্য এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar Foundation)। এই কাজে শচীনের নামাঙ্কিত ‘শচীন ফাউন্ডেশন’-এর পাশাপাশি ও ‘মান দেশী‘ ফাউন্ডেশনের উদ্যোগে ‘ময়দান কাপ’ প্রকল্পের অঙ্গ হিসেবে দন্তেওয়ারার মাটিতে তৈরি হবে ৫০টি খেলার মাঠ। এর মূল উদ্দেশ্যই হল, এই প্রকল্পের মাধ্যমে এলাকার শিশুদের মনে খেলাধুলোর বিকাশ ঘটানো।

এই মাঠগুলি তৈরি হচ্ছে মূলত মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বিদ্যালয় এবং পোর্টা কেবিন স্কুলগুলিতে। সংবাদ সংস্থা সূত্রে খবর, ইতিমধ্যে ৫০টি মাঠের মধ্যে ২০টি মাঠ তৈরি হয়ে গিয়েছে। এবং বাকি যে ৩০টি মাঠের কাজ সম্পন্ন করতে বাকি রয়েছে, সেগুলি আগামী অক্টোবর মাসের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

এই মাঠগুলিতে মোট ১৩ ধরনের খেলার সুযোগ থাকছে। ফুটবল, ক্রিকেটর মতো জনপ্রিয় খেলাগুলির পাশাপাশি অন্যান্য যে খেলার সুবিধা থাকছে সেগুলি হল, দৌড়, লংজাম্প, শটপুট, জ্যাভলিন থ্রো, ওয়াল ক্লাইম্বিং ইত্যাদি। প্রতিটি মাঠ তৈরি করতে খরচ হচ্ছে আনুমানিক ৪ লক্ষ টাকা। ( Sachin Tendulkar Foundation)

উল্লেখ্য, ‘ময়দান কাপ’ প্রকল্পের মাধ্যমে ছত্তিশগড়ের প্রশাসনের মূল উদ্দেশ্যই হল প্রত্যন্ত এলাকার শিশু ও কিশোরদের মূলধারার সঙ্গে যুক্ত করা। এই প্রকল্পের অংশ হিসেবে ইতোমধ্যেই দান্তেওয়াড়ার চিন্দনার, কাসোলি ও হিটামেটা গ্রামের মাঠ নির্মাণ শেষ হয়েছে, যার সুফল পাচ্ছে প্রায় ১০,০০০ শিশু।

শুধু খেলার মাঠ তৈরিতেই সীমাবদ্ধ নয়, এর পাশাপাশি থাকছে ‘স্পোর্টস সিটি’-ও। সেখানে থাকবে খেলাধুলোর পাশাপাশি সুইমিং পুল ও আবাসন সুবিধা, এবং উন্নত প্রশিক্ষণও দেওয়ার ব্যবস্থাও থাকবে বলে জানা গিয়েছে।

 

Related Articles