পর্তুগালের ট্রফি জয়ের জন্য নিজের পা ভাঙতেও রাজি : সিআর সেভেন
Ready to break his leg to win the trophy for Portugal: CR Seven
Truth of Bengal:
তাঁর বয়স ৪০। এই বয়সেও তিনি ফুটবল মাঠে যেভাবে দাপিয়ে বেড়ান, তা দেখে হয়ত অনেকেরই ঈর্ষা হয়। হওয়াটাই স্বাভাবিক। এখনও তিনি ছন্দে থাকলে যে কোনও ডিফেন্ডারদেরই যে রাতের ঘুম উড়ে যায়। তিনি পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
এই বয়সেও রবিবার রাতে উয়েফা নেশন লিগের ফাইনাল ম্যাচে যতক্ষণ মাঠে ছিলেন সমালোচকদের বুঝিয়ে দিলেন তিনি এখনও ফুরিয়ে যাননি। এবং পাশাপাশি তাঁর দেশভক্তি যে কতটা গভীর সে কথাও ম্যাচ শেষে জানিয়ে দিলেন রোনাল্ডো।
ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পর্তুগিজ অধিনায়ক স্পষ্টভাবে জানান, ‘ম্যাচের আগে ওয়ার্মআপ করার সময়ই আমি আমার পায়ে ব্যথাটা অনুভব করেছিলাম। কিন্তু আমার কাছে তখন ওইসব মাথায় ছিল না। কেননা, আমার তখন একটাই চিন্তা, দেশকে ফাইনালে চ্যাম্পিয়ন্স করতে হবে। তাতে সব ধরণের প্রতিবন্ধকতা জয় করতেও তিনি প্রস্তুত। শুধু তাই নয়, দেশের জন্য যদি তাঁর পাও ভাঙতে হয় তাহলেও তিনি পিছপা হবেন না।’
ম্যাচে টাইব্রেকারে জয়ের পর আনন্দে আত্মহারা হয়ে পর্তুগিজ অধিনায়কের আরও সংযোজন, ‘দেশের হয়ে ট্রফি জয় করার অনুভূতিটাই যে আলাদা। এর সঙ্গে কারও তুলনা হয় না। আমি ক্লাবের হয়ে অনেক শিরোপা জিতেছি। কিন্তু দেশের হয়ে যখন কোনও ট্রফি জিতি তখন মনের মধ্যে যেন আলাদা একটা অনুভূতি জন্মায়। আর সেই অনুভূতি থেকেই বেরিয়ে আসে চোখের জল।’
সব শেষে পর্তুগিজ অধিনায়ক আরও জানান, ‘নেশন কাপে ফাইনালে স্পেনের বিপক্ষে এই জয় আমাদের আগামী বিশ্বকাপে ভাল খেলার জন্য উৎসাহ যোগাবে। আমার সহযোদ্ধারাও বিশ্বাস করবে, বিশ্বের যে কোনও দলকে হারানোর ক্ষমতা আমাদেরও আছে।’






