পঞ্জাবকে হারিয়ে টেবিলের প্রথম স্থানে জায়গা বজায় রাখল রাজস্থান
Rajasthan maintained their position at the top of the table by defeating Punjab

Trutrh Of Bengal :এক বল বাকি থাকতেই পঞ্জাব কিংসকে হারিয়ে জয় ছিনিয়ে নিল রাজস্থান রয়্যালস। আর ওই জয়ের অন্যতম কাণ্ডারী সিমরান হেইটমায়ার। ১০ বলে তাঁর অনবদ্য ২৭ রানই দু’দলের মধ্যে পার্থক্য গড়ে দিল। এই জয়ের ফলে ছয় ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় শীর্ষেই রইল সঞ্জু স্যামসনের দল। আর হেরে আরও খানিকটা বিপাকে পড়ে গেল পঞ্জাব কিংস।
শনিবার রাতে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল পঞ্জাব কিংস। আট উইকেটে মাত্র ১৪৭ রানেই থেমেছিল স্যাম কুরানদের দৌড়। অনেকেই ভেবেছিলেন, অল্প রান অনায়াসেই তাড়া করে জিতবে রাজস্থান রয়্যালস। কিন্তু তা হল না। ঘড়ির পেণ্ডুলামের মতো ম্যাচের ভাগ্য বারবার এদিক-ওদিক দুলতে লাগল। জয়ের জন্য ১৪৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুটা মন্দ করেনি রাজস্থানের দুই ওপেনার যশস্বী জয়সোয়াল ও তনুশ কোটিয়ান। প্রথম উইকেটে দুজনে জুটি বেঁধে ৫৬ রান তোলেন। তুনিশকে (২৪) ফিরিয়ে প্রথম ধাক্কা দেন লিয়াম লিভিংস্টোন। দ্বিতীয় উইকেটে সঞ্জু স্যামসন ও যশস্বী জয়সোয়াল জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান। যশস্বীকে (৩৯) ফেরান কাগিসো রাবাডা। আর তার পরেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে রাজস্থানের ব্যাটিং।
সাজঘরে ফিরতে থাকেন একের পর রাজস্থানি ব্যাটার। সঞ্জুকে (১৮) ফেরান রাবাডা। ২৩ রান করে ফিরে যান রিয়ান পরাগ। ৬ রানে আউট হন ধ্রুব জুরেল। শেষ দুই ওভারে জয়ের জন্য ২০ রান দরকার ছিল রাজস্থানের। ১৯তম ওভারে বল করতে এসে ভেল্কি দেখান পঞ্জাব অধিনায়ক স্যাম কুরান। রভম্যান পাওয়েল (১১) ও কেশব মহারাজকে(১) ফিরিয়ে দেন। শেষ ওভারে রাজস্থানের জয়ের জন্য দরকার ছিল ১০ রান। ক্রিজে ছিলেন সিমরান হেইটমায়ার ও ট্রেন্ট বোল্ট। বল করতে এসে প্রথম দুই বলে কোনও রান দেননি অর্শদীপ সিং। ফলে ৪ বলে ১০ রানের দরকার ছিল। তৃতীয বলেই ছক্কা হাঁকিয়ে জয় কার্যত নিশ্চিত করেন হেইটমায়ার। পরের দুই বলে চার রান নিয়ে দলকে জয় এনে দেন।






