পার্থ টেস্টে বৃষ্টির ভ্রূকুটি? কি বলছে আবহাওয়া দফতর?
Rain looms in Perth Test? What does the weather department say?

Truth Of Bengal: শুক্রবার থেকে পার্থ টেস্টের মাধ্যমে শুরু হচ্ছে চলতি বছরের বর্ডার-গাভাসকর ট্রফির পাঁচ টেস্টের সিরিজ। ইতিমধ্যে এই সিরিজ ঘিরে দুই দলের খেলোয়াড়দের পাশাপাশি, সমর্থকদের মধ্যেও উত্তেজনার পারদ রয়েছে তুঙ্গে। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই টেস্ট চলার সময় পার্থের আবহাওয়া কেমন থাকবে? পিচ থেকে কারা সুবিধা পাবেন? ব্যাটসম্যানরা নাকি বোলাররা? তাই নিয়েই এখন চলছে জোর আলোচনা।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে, পার্থ টেস্ট শুরু হওয়ার দু দিন আগে বৃষ্টি হয়েছে। এমনকি শুক্রবার প্রথম ম্যাচ শুরু হওয়ার আগেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২৫ শতাংশ। ফলে সেইরকম ঘটনা ঘটলে টসের পাশাপাশি খেলা শুরুর ক্ষেত্রেও বিলম্বিত হতে পারে।
অপটাস স্টেডিয়ামে যদি খেলা শুরুর আগে বৃষ্টি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন প্রথমে যে দল ব্যাট করবে সেই দলের ব্যাটসম্যানরা। পার্থের প্রথম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি থাকলেও বাকি চারদিনে বৃষ্টির কোনও পূর্বাভাস পরিষ্কার থাকার সম্ভাবনাই রয়েছে জানা গিয়েছে অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতর সূত্রে।
এদিকে পার্থের পিচ কিউরেটর আইজ্যাক ম্যাকডোনাল্ড জানান, আমরা ভেবেছিলাম যে ম্যাচ যত গড়াবে, ততই পার্থের পিচে ফাটল দেখা দিতে পারে। কিন্তু এখন মনে হচ্ছে সেটা হবে না। এদিকে ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, পার্থের পিচে প্রথম দুদিন বাউন্স দেখা গেলেও, ম্যাচ যত গড়াবে, ততই ব্যাটসম্যানরা এই পিচ থেকে সুবিধা আদায় করতে পারবেন।
সূত্রের খবর, শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্টে ভারতীয় দলে তিন পেসার যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ এবং আকাশদীপের সঙ্গে অলরাউন্ডার নীতিশ রেড্ডিকে প্রথম একাদশে দেখা যাওয়ার সম্ভাবনা খুব প্রবল। পাশাপাশি স্পিনার হিসেবে হয় রবীচন্দ্রন অশ্বিন কিংবা রবীন্দ্র জাদেজার মধ্যে যে কোনও একজন থাকবেন প্রথম একাদশে।






