খেলা

নিজের সংস্থা চালু করে জেএসডব্লিউ স্পোর্টস ছাড়লেন নীরাজ চোপড়া

ভারতীয় ক্রীড়াজগতে অ্যাথলিট-ম্যানেজমেন্ট পার্টনারশিপ হিসেবে এই জুটি নিঃসন্দেহে অন্যতম সফল উদাহরণ।

Truth Of Bengal: আর অন্য কোনও সংস্থার মুখাপেক্ষী হয়ে থাকা নয়। নতুন বছরে বড় সিদ্ধান্ত নিলেন ভারতের ‘গোল্ডেন বয়’ নীরজ চোপড়া। এক দশকের দীর্ঘ সম্পর্ক ছিন্ন করে জেএসডব্লিউ স্পোর্টসের সঙ্গে পথ আলাদা করলেন দু’বারের অলিম্পিক পদকজয়ী জ্যাভলিন থ্রোয়ার। একই সঙ্গে নিজের অ্যাথলিট ম্যানেজমেন্ট সংস্থা ‘ভেল স্পোর্টস’-এর পথচলার ঘোষণাও করেছেন নীরজ। সোমবার পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই এই বিচ্ছেদ চূড়ান্ত হয়েছে। ২০১৬ সালে জেএসডব্লিউ স্পোর্টসের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন নীরজ।

তখনও বিশ্ব অ্যাথলেটিক্স সার্কিটে তিনি তেমন পরিচিত মুখ নন। কিন্তু গত এক দশকে বিশ্ব জ্যাভলিনে রাজত্ব কায়েম করার পথে তাঁর পাশে থেকেছে জেএসডব্লিউ স্পোর্টস। ভারতীয় ক্রীড়াজগতে অ্যাথলিট-ম্যানেজমেন্ট পার্টনারশিপ হিসেবে এই জুটি নিঃসন্দেহে অন্যতম সফল উদাহরণ। জেএসডব্লিউ স্পোর্টসের সহায়তাতেই নীরজের ঝুলিতে এসেছে ২০২১ টোকিয়ো অলিম্পিক্সের ঐতিহাসিক সোনা—ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতের প্রথম অলিম্পিক সোনা। এরপর ২০২৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা, ২০২৪ প্যারিস অলিম্পিক্সে রুপো-সহ একাধিক আন্তর্জাতিক সাফল্য এসেছে এই পার্টনারশিপেই। সম্পর্ক ছিন্ন করার ঘোষণায় আবেগঘন বার্তা দিয়েছেন ২৮ বছরের নীরজ। প্রেস বিবৃতিতে তিনি বলেন, গত এক দশকে আমাদের পথচলাটা ছিল বৃদ্ধি, বিশ্বাস এবং কৃতিত্বে ভরা। জেএসডব্লিউ স্পোর্টস আমার কেরিয়ারের দিশা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। ওদের সমর্থন ও দূরদৃষ্টির জন্য আমি সবসময় কৃতজ্ঞ থাকব। এই অধ্যায়ের অবসান হলেও আমার যাত্রার পরবর্তী অধ্যায়ে একই মূল্যবোধ আমি বহন করে নিয়ে যাব।

নীরজের বিদায়ে একই রকম সম্মান ও গর্বের বার্তা দিয়েছে জেএসডব্লিউ স্পোর্টসও। সংস্থার সিইও দিব্যাংশু সিং বলেন, ‘ নীরজের সঙ্গে কাজ করা আমাদের কাছে এক অসাধারণ অভিজ্ঞতা। তাঁর সাফল্যের গল্প আমাদের উৎকর্ষ ও উদ্দেশ্যের দর্শনকে তুলে ধরে। আমরা একসঙ্গে যা অর্জন করেছি, তা নিয়ে ভীষণ গর্বিত। ভবিষ্যতের জন্য ওঁর প্রতি রইল শুভেচ্ছা। ‘ তবে নতুন বছরে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। কারণ গত মরশুমে পাওয়া চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি জ্যাভলিন থ্রোয়ার। অ্যাথলেটিক্স ফেডারেশন অব ইন্ডিয়ার এক কর্তা জানিয়েছেন, গত বছর টোকিয়োয় বিশ্ব চ্যাম্পিয়নশিপে পিঠের চোট নিয়েই নামতে হয়েছিল নীরজকে। তার প্রভাবেই ২০১৮ সালের পর প্রথমবার বিশ্বমঞ্চে পোডিয়াম ফিনিশ করতে পারেননি তিনি।এক দশকের সফল অধ্যায় শেষ করে এবার নিজের পথ নিজেই গড়তে চলেছেন নীরজ চোপড়া। নতুন সংস্থা ‘ভেল স্পোর্টস’-এর হাত ধরে ভারতীয় অ্যাথলিট ম্যানেজমেন্টে নতুন দিশা দেখাতে পারেন কি না, সেদিকেই তাকিয়ে ক্রীড়াজগৎ।

Related Articles