অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপে জয় দিয়ে শুরু ভারতের
India started with victory in U-19 T-20 World Cup
Truth Of Bengal: রবিবার অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপে দূরন্ত জয় পেল ভারতের মহিলা দল। মাত্র ৪.২ ওভারের মধ্যে এক উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারতীয় দল।
কুয়ালালামপুরে আয়োজিত জুনিয়র মহিলাদের বিশ্বকাপের এই আসরে এদিন প্রথম টসে জিতে প্রতিপক্ষ দলকে ব্যাটিং করার জন্য আহ্বান জানান ভারতের অধিনায়ক নিকি প্রসাদ। রবিবার ভারতের বিপক্ষে ব্যাট করতে নেমে প্রথমেই বিপদের মুখে পড়েন ক্যারিবিয়ান ব্যাটাররা। বল হাতে যোশিথা ও আয়ুশীর দূরন্ত পারফরম্যান্সে তখন কার্যত দিশেহারা হয়ে পড়েন ক্যারিবিয়ানরা। দুজনেই দুটি করে উইকেট ঝুলিতে পোড়েন। ভারতীয় বোলারদের মধ্যে তিনটি করে উইকেট দখল করেন পারুনিকা সিসোদিয়ার। এবং বাকি তিনজন ব্যাটার রান আউট হন। ম্যাচে পাঁচজন ক্যারিবিয়ান ব্যাটার শূন্য রানে সাজঘরে ফেরেন। তাঁদের মধ্যে সর্বোচ্চ ১৫ রান করেন কেনিকা। এর ফলে ১৩.২ ওভারে মাত্র ৪৪ রানে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসকে বান্ডিল করে দেন ভারতীয় বোলাররা।
জবাবে ব্যাট করতে নেমে ৪ রানেই ভারত তাঁদের প্রথম উইকেটটি হারায়। ওপেনার গঙ্গাদি তৃষা চটজলদি ফিরে যান প্যাভেলিয়নে। তবুও চাপের মুখে পড়তে হয়নি ভারতীয় দলকে। এরপর কমলিনী ও সানিকা জুটি ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। কমলিনী ১৬ এবং সানিকা ১৮ রান করেন।
ভারত তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে আগামী ২১ জানুয়ারি। সেই ম্যাচে নিকি প্রসাদরা মুখোমুখি হবেন মালয়েশিয়ার বিপক্ষে। তারপর তৃতীয় ম্যাচ ভারত খেলবে আগামী ২৩ জানুয়ারি। সেই ম্যাচে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।






