Fluminense FC: সৌদির ক্লাবকে হারিয়ে শেষ চারে জায়গা পেল ফ্লুমিনেন্স
সৌদির ক্লাবটির এই অবাক করা পারফরম্যান্স দেখে অবাক হয়েছিলেন অনেক তারকা ও ফুটবল বিশেষজ্ঞই।
Truth of Bengal: মাত্র চারদিন আগে চলতি বছরের ক্লাব বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচের কথা। পেপ গুয়ার্দিওলার দল ম্যাঞ্চেস্টার সিটির মুখোমুখি হয়েছিল সৌদির ক্লাব আল-হিলাল। সেই রুদ্ধশ্বাস ম্যাচে দুরন্ত লড়াই করে হালান্ডদের এই টুর্নামেন্ট থেকে বিদায় জানিয়ে দিতে বাধ্য হয়েছিল সৌদির ক্লাবটি।(Fluminense FC)

সৌদির ক্লাবটির এই অবাক করা পারফরম্যান্স দেখে অবাক হয়েছিলেন অনেক তারকা ও ফুটবল বিশেষজ্ঞই। অনেকেই ভেবেছিলেন হয়ত এবারের ক্লাব বিশ্বকাপে হয়ত ফুটবলের আরব্য উপন্যাস লিখতেই আমেরিকার মাটিতে পা রেখেছিলেন আল হিলাল ফুটবলাররা। কিন্তু উপন্যাস শুরু করলেও শেষটা আর লেখা হল না তাদের। শনিবার ফ্লোরিডার মাঠে কোয়ার্টার ফাইনাল ম্যাচে আল-হিলালকে ২-১ গোলে হারাল ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স।
[আরও পড়ুনঃ Bollywood Politics: “কার্তিককেও সরানোর চেষ্টা হচ্ছে সুশান্তের মতো” বিস্ফোরক অমল মালিক]
এই ম্যাচের শুরুতেও গত বৃহস্পতিবার গাড়ি দুর্ঘটনায় নিহত পর্তুগিজ ফুটবলার দিয়াগো জটা ও তাঁর ভাই আন্দ্রে সিলভার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েই শুরু হয় ম্যাচ। সেই সময়ই চোখের জল ফেলতে দেখা যায় সৌদির ক্লাবের দুই পর্তুগিজ ফুটবলার নেভেস এবং কানসেলোকে। যা হৃদয় ছুঁয়ে যায় খেলোয়াড়দের পাশাপাশি উপস্থিত দর্শকদের-ও।(Fluminense FC)
চলতি ক্লাব বিশ্বকাপে আগের ম্যাচগুলিতে যে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলা শুরু করেছিল আল হিলাল এই ম্যাচেও তার ব্যতিক্রম হল না। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষ ব্রাজিলের দলটিকে সব বিভাগেই টেক্কা দিয়ে পিছনে ফেলতে শুরু করে তারা। কিন্তু ফুটবলের আসল কাজ যে গোল সেটাই তারা করতে পারছিলেন না। অন্য দিকে ব্রাজিলের দলটি প্রথম থেকে প্রতি-আক্রমণ নির্ভর ফুটবল খেলতে শুরু করে। এবং সবাইকে অবাক করে দিয়ে ম্যাচের ৪০ মিনিটে প্রথম গোলটি তুলে নেয় তারা। দারুণ এক আক্রমণের ফসল হিসেবেই গোল পায় ব্রাজিলের দলটি। আল-হিলাল বক্সে প্রবেশ করে ম্যাথেউস মার্সেনেলি প্রথম লক্ষ্যভেদ করেন ফ্লুমিনেন্সের হয়ে। প্রথমার্ধে এরপর আর কোনও গোল হয়নি।
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
বিরতির পর মাঠে ফিরে অবশ্য সমতায় ফেরার জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আল-হিলালকে। ম্যাচের ৫১ মিনিটের মাথায় সৌদির ক্লাবটির হয়ে দুরন্ত গোল করেন মার্কোস লিওনার্দো। ফ্লুমিনেন্স তাদের জয়ের গোল পায় ম্যাচের ৭০ মিনিটে। ব্রাজিলের ক্লাবটির হয়ে আল-হিলালের আরব্য রজনী লেখা এবারের মত শেষ করে দিলেন হারকিউলিস।
ম্যাচ শেষে ফ্লুমিনেন্সের কোচ রেনাতো গাউচো জানান, ‘ম্যাচে সেইভাবে সুযোগ না পেলেও, আমরা যে সুযোগ পেয়েছি সেগুলিই কাজে লাগিয়েছি। এখন আমাদের একটাই লক্ষ্য সেমিফাইনাল ম্যাচ। এখন থেকে সেই ম্যাচ নিয়েই চিন্তা-ভাবনা করব।’


