খেলা

এগিয়ে গিয়েও জয় থেকে বঞ্চিত ফিওরেন্টিনা, শেষ হাসি এসি মিলানের

বলতে গেলে, এসি মিলান গোল খাওয়ার পর যখন পাল্টা আক্রমণ শুরু করে, তখন ফিওরেন্টিনার রক্ষণভাগকে বেশ ছন্নছাড়া ও দিশাহীন দেখায়।

Truth Of Bengal: শক্তিশালী এসি মিলানের বিরুদ্ধে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত জয়ের স্বাদ পেল না ফিওরেন্টিনা। চলতি ‘সিরি এ’তে তাদের খারাপ সময় যেন কাটার নাম নেই। এসি মিলান তাদের পরাজিত করল ২-১ গোলে। ডিফেন্সিভ ফুটবল খেলেও লিড নিয়েছিল তারা। কিন্তু সেই মোমেন্টাম কাজে লাগাতে পারল না শেষ পর্যন্ত। বলতে গেলে, এসি মিলান গোল খাওয়ার পর যখন পাল্টা আক্রমণ শুরু করে, তখন ফিওরেন্টিনার রক্ষণভাগকে বেশ ছন্নছাড়া ও দিশাহীন দেখায়।

সোমবার ম্যাচটি খেলা হয় স্যান সিরো স্টেডিয়ামে। যেভাবে প্রতি ম্যাচে শুরু করে এসি মিলান, এবারও সেভাবেই শুরু করে তারা। অ্যাটাকিং ফুটবল শুরু হয় বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই। প্রথম কয়েক মিনিটের মধ্যেই তাদের কাছে সুযোগ এসেছিল গোল করে এগিয়ে যাওয়ার। কিন্তু তারা তা করতে পারেনি। ভেদ করতে পারেনি ফিওরেন্টিনার রক্ষণভাগকে। তবে ফিওরেন্টিনার কাছেও সুযোগ এসেছিল এসি মিলানকে চাপে ফেলার। তবে তারাও সেগুলি কাজে লাগাতে পারেনি। সুযোগ হাতছাড়া হওয়ায় স্টেডিয়ামে উপস্থিত দলের সমর্থকরা বেশ হতাশ হন। অবশেষে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ভাবে।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেও আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে এসি মিলান। এবারও প্রথম কয়েক মিনিটের মধ্যেই তাদের কাছে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল। তবে তারা তা পারেনি। কিন্তু ৫৫ মিনিটের মাথায় এগিয়ে যায় ফিওরেন্টিনা। গসেন্সের গোলে খাতা খোলার পাশাপাশি লিড নেয় তারা। এরপরই শুরু হয় পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলের কাউন্টার অ্যাটাক। ৬৩ মিনিটে এসি মিলানকে ম্যাচে ফেরান লিয়াও। এরপর যেভাবে তারা আক্রমণের পর আক্রমণ করতে থাকে, তা চাপে ফেলে ফিওরেন্টিনাকে। কিন্তু তীরে এসে তরী ডোবে শেষ পর্যন্ত। ৮৬ মিনিটে পেনাল্টি থেকে নিজের এবং দলের গোলটি করেন লিয়াও। এরপর মরিয়া হয়ে খেলেও পরাজয় এড়াতে পারেনি ফিওরেন্টিনা। শেষ পর্যন্ত ২-১ ফলাফল নিয়ে হাসিমুখে মাঠ ছাড়েন এসি মিলানের ফুটবলাররা।