কোনও ম্যাচই হালকাভাবে নিচ্ছি না, সুপার কাপ নিয়ে কী বললেন ব্রুজো?
Truth Of Bengal: শিল্ডের ডার্বিতে হারের পর ইস্টবেঙ্গলের সামনে এবার সুপার কাপ। আজ থেকে গোয়ায় শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। প্রথম দিনই মাঠে নামছে কলকাতার অন্যতম প্রধান – ইস্টবেঙ্গল। আজ গোয়ার মাটিতে তাদের প্রতিপক্ষ একসময়ের সেরা দল ডেম্পো। সুপার কাপের এই টুর্নামেন্টে জিতলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু খেলার সুযোগ পাওয়া যায়। তা মাথায় রেখেই পরিকল্পনা তৈরি করছেন লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো।
আরও পড়ুনঃ ‘চোখের আলো’ স্বাস্থ্য প্রকল্পর জন্য মেডিক্যাল টেকনোলজিস্ট পদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন?
প্রথম ম্যাচের আগের দিন শুক্রবার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে মুখোমুখি হয়েছিলেন ব্রুজো। ছিলেন ইস্টবেঙ্গলের অন্যতম ভরসা সৌভিক চক্রবর্তী। নতুনরা কতটা মানিয়ে নিতে পারছেন, সেটা দেখে নিতে চান কোচ। শিল্ড হাতছাড়া হলেও আত্মবিশ্বাসের কোনও অভাব নেই ইস্টবেঙ্গল শিবিরে। কোচ অস্কার ব্রুজো সাংবাদিক বৈঠকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ‘সুপার কাপ জিতলে সরাসরি এএফসি-র প্রতিযোগিতায় খেলা যায়। গুরুত্বপূর্ণ তো বটেই। আইএসএলের দলগুলো ছাড়া আরও কিছু দল খেলে সুপার কাপে। বড় প্রতিযোগিতা। কঠিনও। কোনও ম্যাচই হালকা ভাবে নেওয়ার সুযোগ নেই।’ ইস্টবেঙ্গলে বেশ কয়েক জন ফুটবলার নতুন করে যোগ দিয়েছেন। তাঁরা কি দলের সঙ্গে মানিয়ে নিতে পেরেছেন এর মধ্যেই? ব্রুজো বলেছেন, ‘আমরা ভাল খেলছি। যারা নতুন এসেছে, তারাও দলের সঙ্গে মানিয়ে নিতে শুরু করেছে। সম্পূর্ণ মানিয়ে নিতে একটু সময় লাগে। আমরা আত্মবিশ্বাসী। ভাল কিছুই আশা করছি।’
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে ইস্টবেঙ্গল ফুটবলার সৌভিক চক্রবর্তীও জানালেন, ‘যারা নতুন এসেছে, তারা অভিজ্ঞ, পরিণত ফুটবলার। দেশ এবং বিদেশের বিভিন্ন জায়গায় খেলার অভিজ্ঞতা রয়েছে। সমস্যা হওয়ার কথা নয়। আমরা নিজেদের সেরাটাই দেব।’ ছয় বিদেশি সহ সুপার কাপে পূর্ণ শক্তির দল নিয়ে নামছে ইস্টবেঙ্গল। সুপার কাপ গুরুত্ব পাচ্ছে কলকাতার অন্যতম প্রধানের কাছে। টুর্নামেন্ট জিতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এ জায়গা করে নেওয়াই লক্ষ্য লাল-হলুদ শিবিরের।






