খেলা

অঘটন ইউএস ওপেনে, বিদায় নিলেন ইগা শিয়নটেক

At the impromptu US Open, Iga Świątek out of the tournament

Truth of Bengal : ইউএস ওপেন যেন অঘটনের আখড়া হয়ে উঠেছে। বুধবার রাতে আরও এক অঘটনের সাক্ষী থাকল ইউএস ওপেন। মহিলাদের ক্রমতালিকায় এক নম্বরে থাকা ইগা শিয়নটেককে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হল। জেসিকা পেগুলার কাছে ২-৬, ৪-৬ গেমে হেরে গেলেন শিয়নটেক। গত মাসে শারীরিক দুর্বলতার কারণে কানাডা ওপেনে অংশগ্রহণ করেননি। ম্যাচের শুরু থেকেই তিনি মনঃসংযোগ করতে পারেননি। সার্ভ নিয়ে প্রথম থেকে সমস্যায় পড়তে দেখা যায় তাঁকে। ৪১টি আনফোর্সড এরর করেছেন। এই ম্যাচের আগে পর্যন্ত কেউই প্রথম রাউন্ড থেকে শিয়নটেককে এক বারও ব্রেক করতে পারেননি। সেই কাজ করে দেখালেন পেগুলা। শিয়নটেককে প্রথম রাউন্ড এবং তৃতীয় রাউন্ডে ব্রেক করেন পেগুলা।

পেগুলা দ্বিতীয় সেটের শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে থাকেন। শিয়নটেক তৃতীয় রাউন্ডে ব্রেক করে ম্যাচে ফিরে আসতে চেষ্টা করলেও তিনি সফল হননি। বলা যায় পেগুলা নিজের ছন্দ ধরে রেখে শিয়নটেককে ম্যাচে ফিরতে দেননি। শিয়নটেক ম্যাচ হারার পর নিজের খারাপ সার্ভিসকেই  দুষেছেন। তিনি বলেন, “প্রথম সেটে পিছিয়ে থাকার পরও ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা করেছিলাম। সার্ভিস কেন করতে পারছিলাম না বুঝতেই পারিনি। আমার পক্ষে এটা মেনে নেওয়া খুব কঠিন। যত দ্রুত সম্ভব এর সমাধান খুঁজে বার করতে হবে।” ইউএস ওপেনে না হারাতে পারলেও এর আগে ছ’বারের সাক্ষাতে প্রতি বারই শিয়নটেকের কাছ পরাজয় স্বীকার করতে হয়েছে পেগুলাকে।