সুইগি-জোম্যাটোতে নতুন প্রতারণা! অর্ডার বাতিল হয়ে টাকাও রিফান্ড, কিন্তু তারপর একি কাণ্ড
New scam in Swiggy-Zomato! Order cancelled and money refunded, but then the same thing happened

Truth Of Bengal: এখন দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে অনলাইন খাবার অর্ডার। কিন্তু সুইগি ও জোম্যাটোর মতো জনপ্রিয় ফুড ডেলিভারি প্ল্যাটফর্মে নতুন একটি প্রতারণার ঘটনা সামনে এসেছে। এই ঘটনায় গ্রাহকদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত ছোট রেস্তোরাঁগুলিও। এই প্রতারণা ঘিরে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন শুরু হয়েছে।
সম্প্রতি এক কনটেন্ট ক্রিয়েটর তাঁর অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে জানান, কিভাবে একটি পিজ্জা অর্ডার দেওয়ার পর তিনি এই প্রতারণার শিকার হতে চলেছিলেন। ভিডিয়োতে তিনি বলেন, “আমরা সুইগি থেকে পিজ্জা অর্ডার করি। ১৫-২০ মিনিট পর একটি ফোন আসে—ডেলিভারি পার্সন নাকি দুর্ঘটনার শিকার হয়েছে, তাই রেস্তোরাঁ থেকে সরাসরি খাবার পাঠানো হবে।”
View this post on Instagram
বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি রেস্তোরাঁয় ফোন করলে তারা জানায়, তারা সরাসরি ডেলিভারি করে না। এরপর তিনি সুইগির কাস্টমার কেয়ারে যোগাযোগ করলে জানানো হয়, অর্ডার বাতিল করা হয়েছে এবং রিফান্ড প্রসেস করা হয়েছে। টাকা ফেরতও পেয়ে যান তিনি।
কিছুক্ষণ পর একজন ডেলিভারি পার্সন এসে হাজির হন খাবার নিয়ে। খাবার দেওয়ার পর তিনি বলেন, “আপনি তো রিফান্ড পেয়ে গেছেন, এটা QR কোড, এখানে পেমেন্ট করে দিন।”
সন্দেহ হওয়ায় ওই গ্রাহক ফের রেস্তোরাঁয় ফোন করেন। সেখান থেকে জানানো হয়, “উক্ত ব্যক্তি আমাদের ডেলিভারি পার্সন নন। আপনি খাবারটা রেখে দিন, কোনও পেমেন্ট করবেন না।”
এই ধরনের প্রতারণায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ছোট রেস্তোরাঁ, যাদের মার্জিন সীমিত। গ্রাহক, যারা বিভ্রান্ত হয়ে পড়ছেন। প্ল্যাটফর্ম, যাদের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে।
কীভাবে সাবধান থাকবেন?
১. অর্ডার বাতিল হলে কোনও ব্যক্তি খাবার নিয়ে এলে গ্রহণ করবেন না।
২. সংশ্লিষ্ট রেস্তোরাঁয় যোগাযোগ করে যাচাই করুন তারা সরাসরি ডেলিভারি করে কি না।
৩. কাস্টমার কেয়ারের সঙ্গে সঙ্গে যোগাযোগ করুন।
৪. কাউকে QR স্ক্যান করে পেমেন্ট করবেন না, যতক্ষণ না নিশ্চিত হচ্ছেন তার পরিচয় সম্পর্কে।


