
The Truth of Bengal: মহম্মদ সিরাজ ও জশপ্রীত বুমরার দাপটে যে ভাবে শেষ হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার ইনিংস, সেই ভাবেই কি শেষ হয়ে গেল শীতের ইনিংস? প্রশ্ন ঘোরাফেরা করছে শীতপ্রেমীদের মনে। লম্বা ইনিংসের একটা সেশন খারাপ গেলে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে শীত। তবে এখনই অবশ্য তা সম্ভব হচ্ছে না। আগামী দু-তিন দিনে আরও একটু বাড়বে তাপমাত্রা। শুক্রবার পর্যন্ত পরিস্থিতি একই থাকলেও তারপর থেকে ক্রমশ নামবে পারদ। জাঁকিয়ে শুরু হবে শীতের দ্বিতীয় সেশন। তবে ইনিংস দীর্ঘ হবে না। টি-২০ মেজাজে ব্যাট চালিয়ে ৪ থেকে ৫ দিন থিতু হবে শীত।
আবারও নতুন করে তাপমাত্রা কমে বাংলায় জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে। দক্ষিণে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকছে খুব সকালে। পূবালি হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর ফলে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা আছে। তার জন্য আগামী দু’দিনে আরও একটু তাপমাত্রা বাড়তে পারে। এদিকে, উত্তরবঙ্গে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে। বুধ বৃহস্পতিবার নাগাদ এই পশ্চিমী ঝঞ্ঝা পার হওয়ার সময়ে আবহাওয়ার পরিবর্তন হবে। ঝঞ্ঝা পার হওয়ার পরেই শীতের দ্বিতীয় ইনিংস শুরু হবে।
অন্যদিকে, আরও বাড়ল কলকাতার তাপমাত্রা। সকালে হালকা মাঝারি কুয়াশা ও ধোঁয়াশা থাকছে। পরে দিনভর থাকছে আংশিক মেঘলা আকাশ। তবে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী দুই দিন আরও একটু তাপমাত্রা বাড়বে। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। রাতের দিকে একটু মালুম হলেও দিনের বেলায় দেখাই যাচ্ছে না শীত। তবে আলিপুর আবহাওয়া দফতর সপ্তাহের শেষে আবার শীত ফিরে আসার আশারবাণী শোনানোয় খুশি শীতপ্রেমীরা।






