২৯৪ কেন্দ্রের ইআরও-র সঙ্গে ভার্চুয়াল বৈঠক, শুনানি নিয়ে ৬ দফা নির্দেশ কমিশনের
ওই বৈঠকেই ভোটারদের শুনানি প্রক্রিয়া নিয়ে জেলাগুলিকে ৬ দফা নির্দেশিকা দেওয়া হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।
Truth Of Bengal: এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার খসড়া ভোটার তালিকা প্রকাশের পরেই রাজ্যের ২৯৪টি বিধানসভার ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও-দের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। ওই বৈঠকেই ভোটারদের শুনানি প্রক্রিয়া নিয়ে জেলাগুলিকে ৬ দফা নির্দেশিকা দেওয়া হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।
কমিশনের নির্দেশ অনুযায়ী—
১) শুনানির জন্য দুটি নোটিশ ইস্যু করতে হবে। একটি নোটিশ সংশ্লিষ্ট ভোটারকে দেওয়া হবে। অন্যটি সংশ্লিষ্ট বিএলও ভোটারের বাড়িতে গিয়ে তাঁর সই নিয়ে সেখানে রেখে আসবেন।
২) জাতীয় নির্বাচন কমিশনের পোর্টাল থেকেও অটোমেটিক নোটিশ পাঠানো হবে। নোটিশ পাওয়ার পর শুনানিতে উপস্থিত থাকার জন্য ভোটারকে এক সপ্তাহ সময় দিতে হবে।
৩) শুনানির স্থান হিসেবে জেলা শাসক, মহকুমা শাসক, বিডিও বা অন্য কোনও সরকারি অফিস ব্যবহার করতে হবে।
৪) প্রতিদিন সর্বোচ্চ ১০০ জন ভোটারের শুনানি করা যাবে। ইআরও ও এয়ারো-রা এক দিনে ১০০ জনের বেশি শুনানি করতে পারবেন না।
৫) শুনানি কেন্দ্রে বসার জায়গা, নথি জেরক্স করার ব্যবস্থা এবং পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
৬) শুনানির সময় সংশ্লিষ্ট ভোটারকেই উপস্থিত থাকতে হবে। কোনও কারণে নির্দিষ্ট দিনে তিনি উপস্থিত থাকতে না পারলে শুনানির তারিখ পরিবর্তনের সুযোগ থাকবে।
কমিশন সূত্রের খবর, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক প্রত্যেকটি বিধানসভার ইআরও-দের সঙ্গে এই বৈঠক করেন এবং সেখানেই শুনানি সংক্রান্ত সমস্ত নির্দেশ স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়। এসআইআর প্রক্রিয়ার পরবর্তী ধাপে যাতে কোনও অভিযোগ না ওঠে, সে জন্যই কমিশন শুরু থেকেই কড়া নজরদারি রাখছে বলে সূত্রের দাবি।






