
The Truth of Bengal: গত কয়েকদিন ধরেই সব্জিবাজার অগ্নিমূল্য। সামান্য টম্যাটো, পটল কিনতেই নাভিশ্বাস উঠতে শুরু করেছে সাধারণ মানুষের পকেটে। বর্ষা এখনও সেভাবে রাজ্যে প্রবেশ না করলেও, বাজারগুলিতে চড়চড়িয়ে বেড়েছে কাঁচাসবজির মূল্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার থেকে বাজার পরিদর্শনে নামে টাস্কফোর্স। সোমবার কলকাতাসহ শহরতলির কয়েকটি পাইকারি বাজারে লাগাতার অভিযান চালায় তারপরেই, একলাফে কিছুটা কমতে থাকে দাম।
টাস্কফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলের জানিয়েছেন, কয়েকজন অসাধু ব্যবসায়ী মূল্য বৃদ্ধির চেষ্টা করছে। তাদের সতর্কও করা হয়েছে।এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এর অভিযানে মনিটরিং করেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার STF ভি সলোমন নেশা কুমার। অভিযানে কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে ছিলেন রাজ্যের টাস্ক ফোর্সের অন্যতম সদস্য কমল দে।
খুচরো সবজি বিক্রেতাদের অভিযোগ, পাইকারি বাজারেই এতো মূল্যবৃদ্ধি হয়েছে, ফলে, খুচরো বাজারেও তার প্রভাব পড়ছে। এতো টাকা দিয়ে খুচরো ব্যবসায়ীরা ঝুঁকি নিতে পারছেন না। কারণ কাঁচা সব্জি বিক্রি না হলে, পুরো টাকাই জলে যাবে। টাস্ক ফোর্সের তরফে জানানো হয়েছে, আপাতত লাগাতার অভিযান চালানো হবে এবং নবান্নে রিপোর্টও পাঠানো হবে। এতেও যদি মূল্যনিয়ন্ত্রণ না হয়, তাহলে প্রশাসনের তরফে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।






