উৎসবমুখর বাগমারি, কালীপুজোর মধ্য দিয়ে সুস্থ সংস্কৃতির বার্তা
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও গবেষক সুদীপ চন্দ্র হালদার, যিনি এই মণ্ডপে কালী মা'য়ের পুষ্পাঞ্জলি প্রদান করেন।
Truth Of Bengal: বাগমারি বাজার, মানিকতলা বিপ্লবী নেতাজি সংঘের উদ্যোগে বাগমারি বাজারে এবছরও অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী শ্রী শ্রী শ্যামাপুজো। টানা চুয়াল্লিশ বছর ধরে চলমান এই পুজো মানিকতলা অঞ্চলের অন্যতম সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠান হিসেবে পরিগণিত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও গবেষক সুদীপ চন্দ্র হালদার, যিনি এই মণ্ডপে কালী মা’য়ের পুষ্পাঞ্জলি প্রদান করেন।
তিনি বলেন, ‘এমন এক ঐতিহ্যবাহী পুজোয় অংশগ্রহণ করতে পারা সত্যিই সৌভাগ্যের ব্যাপার। আমরা ভারতকে মাতৃজ্ঞানে শ্রদ্ধা করি এবং নারী শক্তিকে দেবীরূপে পুজো করি। মা কালী হলেন সেই মহাশক্তি মহামায়া তথা পরমব্রহ্মের প্রতিচ্ছবি। আমি মায়ের কাছে সকলের মঙ্গল, শান্তি ও কল্যাণ কামনা করি।’
পুজোর অন্যতম উদ্যোক্তা ও প্রধান উপদেষ্টা সঞ্জয় পাল জানান, এই পুজোর সূচনা হয়েছিল তাঁর পিতার হাতে। তখন থেকেই পাড়ার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের সম্মিলিত প্রচেষ্টায় এই পুজো প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে। তিনি বলেন, ‘এই পুজোর মূল উদ্দেশ্য সকলকে একত্রিত করে সম্প্রীতির এক অনন্য পরিবেশ তৈরি করা।’
অনুষ্ঠানে এলাকার বহু মানুষ, তরুণ-তরুণী এবং প্রবীণ নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সন্ধ্যায় আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও, যেখানে স্থানীয় শিল্পীরা সঙ্গীত ও আবৃত্তির মাধ্যমে পরিবেশন করেন ভক্তিমূলক পরিবেশনা।






