ফিরহাদকে ওপেন চ্যালেঞ্জ রাকেশের! ১৬৩ দিন পর জামিন পেয়ে কি বন্দরে প্রার্থী বিজেপি নেতা?
ভোটের মুখে কলকাতা হাইকোর্ট থেকে বড়সড় স্বস্তি পেলেন দাপুটে বিজেপি নেতা রাকেশ সিং।
Truth of Bengal: ভোটের মুখে কলকাতা হাইকোর্ট থেকে বড়সড় স্বস্তি পেলেন দাপুটে বিজেপি নেতা রাকেশ সিং। সোমবার বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেছে। সব ঠিক থাকলে মঙ্গলবারই জেলমুক্তি হতে চলেছে তাঁর। আর জামিন পাওয়ার মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় রাজ্যের মন্ত্রী তথা কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিমকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন রাকেশ। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তবে কি জেল থেকে বেরিয়েই বন্দর এলাকায় পদ্ম শিবিরের প্রার্থী হচ্ছেন তিনি?
গত বছর সেপ্টেম্বর মাসে ট্যাংরা এলাকা থেকে রাকেশ সিংকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁর বিরুদ্ধে মৌলালিতে কংগ্রেস দপ্তরে ভাঙচুর, রাহুল গান্ধীর পোস্টারে কালি লেপে দেওয়া এবং অস্ত্র আইন-সহ একাধিক গুরুতর ধারায় ১৬টি মামলা রুজু করা হয়েছিল। দীর্ঘ ১৬৩ দিন জেলবন্দি থাকার পর অবশেষে আইনি লড়াইয়ে জয় পেলেন তিনি। জামিন মঞ্জুর হতেই গাড়িতে বসা একটি ছবি পোস্ট করে রাকেশ লিখেছেন, “সত্যমেব জয়তে।”
সোশ্যাল মিডিয়ায় ফিরহাদ হাকিম ও পুলিশ প্রশাসনকে একহাত নিয়ে রাকেশ সিং লেখেন, “মন্ত্রী ফিরহাদ হাকিমের গুন্ডা, পুলিশ ও প্রশাসনের অত্যাচার সত্ত্বেও সত্যের জয় হয়েছে। ১৬৩ দিনের দীর্ঘ লড়াইয়ের পর ১৬টি মিথ্যা মামলায় কলকাতা হাইকোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছে। আমি মঙ্গলবার সন্ধ্যায় জেল থেকে মুক্তি পাব এবং আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে ফিরছি।” কঠিন সময়ে পাশে থাকার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শুভেন্দু অধিকারী এবং শমীক ভট্টাচার্যকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।
কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রে এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি। ফিরহাদ হাকিমের গড় হিসেবে পরিচিত এই এলাকায় রাকেশ সিংয়ের মতো লড়াকু নেতাকে প্রার্থী করে বিজেপি বড় চমক দিতে পারে বলে গুঞ্জন শুরু হয়েছে। জেল থেকে বেরিয়েই রাকেশের এই রণংদেহি মেজাজ এবং সরাসরি ফিরহাদকে আক্রমণ সেই জল্পনাকেই আরও উসকে দিল। ভোটের মুখে রাকেশের প্রত্যাবর্তন বন্দর এলাকার নির্বাচনী সমীকরণে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।




