কলকাতা

পুজোয় মুক্তি! সিবিআই-এর মামলায় জামিন পেলেন পার্থ

তবে এখনই জেল মুক্তি কিনা তা নিয়ে রয়েছে সংশয়।

Truth Of Bengal: পুজোর মুখে স্বস্তিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী! দীর্ঘ জেল জীবনের পর অবশেষে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআইয়ের মামলায় জামিন পেলেন পার্থ চ্যাটার্জী। শুক্রবার কলকাতা হাইকোর্টে শর্তসাপেক্ষে জামিন পেলেন তিনি। এই নিয়ে নিয়োগ দুর্নীতির সমস্ত মামলায় জামিন পেলেন পার্থ। তবে এখনই জেল মুক্তি কিনা তা নিয়ে রয়েছে সংশয়। নিম্ন আদালতের ওপর নির্ভর করছে প্রাক্তন শিক্ষা মন্ত্রীর জেল মুক্তি।

বিচারপতি শুভ্রা ঘোষ বলেন, নিম্ন আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের পাসপোর্ট জমা রাখতে হবে। সেই সঙ্গে বিপক্ষে সাক্ষী দেওয়া ব্যক্তিদের ভয় দেখানো যাবে না। কোনও তথ্য প্রমান নষ্ট করা চলবে না।

অবশেষে অবসান ঘটল সাড়ে তিনবছরের দীর্ঘ অপেক্ষা। সিবিআই-এর এদিনের মামলা ছাড়া বাকি মামলা গুলিতে তিনি আগেই ছাড়া পেয়েছেন। এবার এই মামলায় জামিন পেয়ে তিনি জেলমুক্তির দোরগোড়ায় দাঁড়িয়ে। এবার সবটা নিম্ন আদালতের হাতে।

উল্লেখ্য, তিন বছর আগে ২০২২ সালে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির মুখে পড়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল অর্থ উদ্ধার হয়। সেবার প্রথম ইডির হাতে গ্রেফতার হন অর্পিতা। পরে পার্থকেও করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত নামার পর ফের ‘শোন অ্যারেস্ট’ করা হয় পার্থকে। সেই থেকেই জেলবন্দি তিনি। এবার কি তবে মুক্তি?

Related Articles