কলকাতা

লাল-সাদা ইঁটের গায়ে পদ্ম-আভা! গেরুয়া আলোয় সেজে উঠল মহাকরণ

শুভেন্দুর মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসার আগেই বদলে গেল মহাকরণের আলোর রং

Truth of Bengal: বাংলার রাজনৈতিক মানচিত্রে পালাবদল আজ পূর্ণতা পেল। বিধানসভা নির্বাচনে ২০৭টি আসনে বিপুল জয়ের পর এবার তার প্রতিফলন দেখা গেল কলকাতার প্রশাসনিক ইতিহাসের প্রাণকেন্দ্র, মহাকরণ বা রাইটার্স বিল্ডিংসে। শুক্রবার সন্ধ্যায় দেখা গেল এক অভূতপূর্ব দৃশ্য। দীর্ঘ কয়েক দশকের নীল-সাদা বা তারও আগের লাল আলোকসজ্জার স্মৃতি মুছে দিয়ে সম্পূর্ণ গেরুয়া আলোয় মুড়ে ফেলা হল মহাকরণকে।

বিবাদী বাগে অবস্থিত এই ঐতিহাসিক ভবনের প্রতিটি খিলান, থাম এবং অলিন্দ থেকে ঠিকরে পড়ছে তপ্ত গেরুয়া আভা। বিকেলের পর আঁধার নামতেই যখন আলোকসজ্জার সুইচ টিপলেন বিদ্যুৎ দফতরের কর্মীরা, তখন সেখানে উপস্থিত পথচারী থেকে শুরু করে বিজেপি কর্মী, সকলের মুখেই ছিল স্রেফ বিস্ময়। অনেকেই থমকে দাঁড়িয়ে ফোনের ক্যামেরায় বন্দি করতে শুরু করেন এই ‘নতুন বাংলা’র রূপ।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মহাকরণ বা মহাকরণ সংলগ্ন এলাকা একসময় বামেদের লাল দুর্গ এবং পরে তৃণমূলের নীল-সাদা ছোঁয়ায় পরিচিত ছিল। কিন্তু আজকের এই গেরুয়া আলোকসজ্জা স্রেফ সাজগোজ নয়, বরং রাজ্যে এক নতুন শক্তির ক্ষমতার আসীন হওয়ারই প্রতীক। রাজভবনে শুভেন্দু অধিকারী সরকার গঠনের দাবি জানানোর কিছুক্ষণের মধ্যেই মহাকরণের এই ভোলবদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

উল্লেখ্য, আগামী কয়েক দিনের মধ্যে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ। তার আগেই খোলনলচে বদলে ফেলা হচ্ছে প্রশাসনিক ভবনগুলির। শুধু মহাকরণ নয়, বিবাদী বাগের ডালহৌসি চত্বর এবং সংলগ্ন সরকারি অফিসগুলিকেও উৎসবের মেজাজে সাজিয়ে তোলা হয়েছে। বিজেপি কর্মী সমর্থকদের ভিড় মহাকরণের সামনে উৎসবের আবহ তৈরি করেছে। তাঁদের দাবি, “এই গেরুয়া আলো শুধু ভবনের সাজ নয়, এটা বাংলার মানুষের মনে জ্বলে ওঠা নতুন আশার আলো।”