Home Loan Fraud: গৃহঋণের নামে লক্ষ লক্ষ টাকা লোপাট! লালবাজারের জালে ব্যাঙ্কের ‘এজেন্ট’
এই নিয়ে ওই নির্দিষ্ট মামলায় গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল চার।
Truth of Bengal: বেসরকারি ব্যাঙ্ক থেকে গৃহঋণের নামে লক্ষ লক্ষ টাকা জালিয়াতির ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল লালবাজারের ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখা। ধৃত ব্যক্তির নাম তবরেজ খান। পুলিশ সূত্রে খবর, গত সোমবার সন্ধ্যায় পাটুলি থানা এলাকার গাঙ্গুলিবাগান থেকে তাকে জালে তোলা হয়। এই নিয়ে ওই নির্দিষ্ট মামলায় গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল চার।
ঘটনার সূত্রপাত গত বছরের ২৮ জুন। ওই দিন হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন একটি বেসরকারি ব্যাঙ্কের আধিকারিক সইফ আলি বিলাল। তাঁর অভিযোগ ছিল, ২০২৪ সালের এপ্রিল মাসে একদল ব্যক্তি জাল নথিপত্র জমা দিয়ে ব্যাঙ্ক থেকে ৩৫ লক্ষ টাকার গৃহঋণ অনুমোদন করিয়ে নেয়। কিন্তু ঋণ নেওয়ার পর থেকে একটি কিস্তিও শোধ করা হয়নি। ব্যাঙ্কের পক্ষ থেকে নথিপত্র যাচাই করতে গিয়ে দেখা যায় সেগুলি ভুয়ো।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ধৃত তবরেজ খান ওই ব্যাঙ্কের অনুমোদিত এজেন্ট হিসেবে কাজ করতেন। অভিযোগ, মাত্র সাড়ে তিন লক্ষ টাকার বিনিময়ে তিনি ওই জালিয়াতি চক্রকে ঋণ পাইয়ে দিতে প্রত্যক্ষভাবে সাহায্য করেছিলেন। মূল ষড়যন্ত্রী ও জালিয়াতিদের সঙ্গে তাঁর গভীর যোগসাজশ ছিল বলেই মনে করছেন তদন্তকারীরা। এই জালিয়াতি মামলায় আগেই পুলিশি তৎপরতায় ধরা পড়েছিল নীলাঞ্জন মুখোপাধ্যায়, বসুজিৎ বন্দ্যোপাধ্যায় ও সুব্রত দাশগুপ্ত নামে তিন জন। তাদের জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই তবরেজের নাম উঠে আসে।






