
The Truth of Bengal: পুজোর মহাপর্ব শুরু হতে আর মাত্র তিনটে দিন বাকি, তার আগেই তৃতীয়ার ভোরে পুজো প্যান্ডেলে অগ্নিকাণ্ড। ঘটনাটি ঘটেছে দমদমের একটি পুজোমণ্ডপে।
স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ আচমকাই প্যান্ডেলে আগুন দেখতে পান, স্থানীয় নেতাজি সংঘ ক্লাবের সদস্যরা। দ্রুত খবর দেওয়া হয় দমকলে। দমকল এসে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মণ্ডপে আগুন লাগার ফলে, অনেকটাই পুড়ে গিয়েছে। এখন পুজো উদ্যোক্তারা চিন্তায়, এতো দ্রুত ফের মণ্ডপের কাজ কীভাবে শেষ হবে, তা নিয়ে।
নেতাজি সংঘের এক সদস্যের দাবি, রাতে প্যান্ডেলের কাজ সারার পর সবাই বাড়ি চলে গিয়েছিল। ভোরে একজন খবর দেন মণ্ডপে আগুন লেগেছে। দ্রুত মণ্ডপ চত্বরে গিয়ে দেখা যায়, সত্যি প্যান্ডেলে আগুন লেগেছে, স্থানীয়রা অনেকেই আগুন নেভানোর কাজ শুরু করে দেয়। কিন্তু কীভাবে আগুন লাগল, নাকি কেউ বা কারা আগুন লাগিয়েছে, এর উত্তর মেলেনি। স্থানীয়দের দাবি, প্যান্ডেলে কোনও বিদ্যুৎ সংযোগ ছিল না। ফলত, শট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা ছিল না। পুরো বিষয়টি জানানো হয়েছে থানায়, পুলিশ তদন্ত শুরু করেছে।






