কলকাতা

মিলল ছাড়পত্র, অবশেষে খুলতে চলেছে কসবার অ্যাক্রোপলিস মল

Clearance granted, Kosbar Acropolis Mall is finally set to open

The Truth Of Bengal: অবশেষে অবসান হল প্রতীক্ষার। ৪৯ দিন বন্ধ থাকার পর পুনরায় খুলতে চলেছে কসবার অ্যাক্রোপলিস মল। অগ্নিকাণ্ডের জেরে এতদিন বন্ধ হয়ে ছিল মলটি। অবশেষে খুলতে চলেছে শহরবাসীর অত্যন্ত প্রিয় শপিং এবং হ্যাংআউট এর জায়গা অ্যাক্রোপলিস মল। ৩ অগাস্ট শনিবার থেকে আবার খুলে যাচ্ছে মলটি, এমনটাই জানা গেছে কর্তৃপক্ষের তরফে। এই মলের তিন তলায় একটি ফুডকোর্ট ও চারতলায় একটি রেস্তোরাঁ রয়েছে। এই দুয়ের মাঝখানেই ছিল বুকস্টোর। এই বুকস্টোরেই ঘটেছিল অগ্নিকাণ্ডের ঘটনা। তখন থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল শপিং মলটি। পুজোর আগে খোলা হবে কিনা তা নিয়েও ছিল ধোঁয়াশা। তবে এদিন মল খোলার কথা ঘোষণা হতেই স্বস্তিতে ব্যবসায়ীরা।

অ্যাক্রোপলিস মলের জেনারেল ম্যানেজার শুভদীপ বসু জানান, ‘‘আমরা দমকল বিভাগের কাছ থেকে অনুমতি পেয়ে ৩ অগাস্ট মলটি আবার চালু করছি। তবে, সংস্কার কাজের কারণে কিছু ব্র্যান্ড কয়েকদিন পরে চালু হবে। প্রায় ৯০ শতাংশ মল খোলা থাকবে। আমরা অনুমতি পেয়েছি ২৯ জুলাই দমকল বিভাগের থেকে ৷ তারপর থেকে আমরা ৩ অগাস্ট মলটি পুনরায় খোলার জন্য অক্লান্ত পরিশ্রম করেছি ৷ সিনেমা হল এবং ফুড কোর্ট-সহ অন্যান্য বেশিরভাগ স্টোরগুলিই ৩ অগাস্ট থেকে চালু হবে ৷’’

অ্যাক্রোপলিস মল খোলার ব্যাপারে প্রয়োজনীয় ছাড়পত্র মিলেছে দমকল দফতর থেকে। সেই মতো শনিবার থেকে পুনরায় চালু হতে চলেছে শহরবাসীর পছন্দের অ্যাক্রোপলিস মল। অন্তত ৯০ শতাংশ দোকানের সাথে খুলবে ফুডকোর্টও। খোলা থাকবে সিনেমা হল।

Related Articles