কলকাতা

অগ্রহায়ণেই হাড়কাঁপানো ঠান্ডা! আগামী সপ্তাহেও কমবে না শীতের দাপট

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী এক সপ্তাহ সর্বনিম্ন তাপমাত্রা প্রায় একই থাকবে, অর্থাৎ শীত স্থির থাকবে।

Truth Of Bengal: বঙ্গজুড়ে শীত এবার অন্যান্য বছরের তুলনায় একটু আগেই জাঁকিয়ে বসেছে। ফলে পৌষের আগে অগ্রহায়ণেই ঠান্ডার দাপট স্পষ্ট হয়েছে। গত সপ্তাহে তাপমাত্রার ওঠানামা চললেও শেষ তিন দিনে শীত বুঝিয়ে দিয়েছে যে এবার স্থায়ীভাবেই এসেছে। উত্তর-পশ্চিম ভারতের পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশে ইতিমধ্যেই জোরালো ঠান্ডা পড়ছে, সেখানকার শুষ্ক ও শীতল হাওয়া বাধাহীনভাবে বাংলায় প্রবেশ করছে। আবহাওয়া দফতর আগেই সতর্ক করেছিল যে উত্তর ভারতের তীব্র শীতের প্রভাব পূর্ব ভারতে পড়বে, তারই প্রতিফলন এখন রাজ্যে অনুভূত হচ্ছে।

শনিবারের তুলনায় রবিবার তাপমাত্রা সামান্য বাড়লেও শীতের কামড় ছিল যথেষ্ট। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী এক সপ্তাহ সর্বনিম্ন তাপমাত্রা প্রায় একই থাকবে, অর্থাৎ শীত স্থির থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদা, কলকাতা, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হাড়কাঁপানো ঠান্ডা নেমেছে।

সোমবার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। ভোরে কুয়াশার দাপট দেখা যাবে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৫ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। রাজ্যজুড়ে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রবিবার দক্ষিণবঙ্গের মধ্যে শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৯.০৮ ডিগ্রি সেলসিয়াসে। উত্তরবঙ্গে আলিপুরদুয়ার ছিল সবচেয়ে ঠান্ডা, যেখানে তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি। দার্জিলিংয়ে তাপমাত্রা ৫ ডিগ্রিতে পৌঁছালেও আপাতত তুষারপাতের কোনও পূর্বাভাস নেই।

সোমবার ও মঙ্গলবার সকালে উত্তরবঙ্গের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে, যার ফলে দৃশ্যমানতা কমে আসবে। রবিবার কলকাতা ও আশেপাশের অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.০২ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে ১.০৪ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৫.০৬ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে ২.০২ ডিগ্রি নিচে। আগামী দুই দিনে সর্বনিম্ন তাপমাত্রা আরও দুই ডিগ্রি নামতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ ৮৭ শতাংশ এবং সর্বনিম্ন ৪৩ শতাংশ।

Related Articles