বেশ কিছুটা রাস্তা ঠেলতে ঠেলতে নিয়ে গেল ঘাতক লরি! ডানকুনি টোল প্লাজায় ভয়াবহ দুর্ঘটনার কবলে শতরূপ ঘোষ
প্রাণঘাতি হামলা নাকি নিছক দুর্ঘটনা? শতরূপের গাড়িতে লরির মারাত্মক ধাক্কা ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি
Truth of Bengal: ফের একবার সড়ক দুর্ঘটনার কবলে পড়লেন তরুণ সিপিআইএম (CPIM) নেতা শতরূপ ঘোষ। বুধবার দুপুরে হুগলির ডানকুনি টোল প্লাজার কাছে অত্যন্ত ভয়াবহ পরিস্থিতির মুখে পড়ে তাঁর চারচাকা গাড়িটি। অনিয়ন্ত্রিত গতিতে ধেয়ে আসা একটি ১০ চাকার ঘাতক লরি পিছন দিক থেকে সজোরে ধাক্কা মারে বাম নেতার গাড়িতে। ধাক্কার তীব্রতায় গাড়িটির বাঁ-দিক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘাতক লরিটি বেশ কিছুটা রাস্তা শতরূপের গাড়িটিকে বিপজ্জনকভাবে ঠেলতে ঠেলতে নিয়ে যায়। তবে বড়সড় বিপদের হাত থেকে অলৌকিকভাবে রক্ষা পেয়েছেন শতরূপ ঘোষ-সহ গাড়িতে থাকা চারজন যাত্রীই।
ঘটনা সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুর ২টো নাগাদ বাঁকুড়ার সোনামুখিতে পূর্বনির্ধারিত দলীয় কর্মসূচিতে যোগ দিতে কলকাতা থেকে রওনা দিয়েছিলেন শতরূপ ঘোষ। জাতীয় সড়কের বর্ধমানমুখী লেন ধরে ডানকুনি টোল প্লাজা পার করার ঠিক পরেই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে তাঁর গাড়িতে সজোরে ধাক্কা মারে। ঘটনার আকস্মিকতায় আতঙ্ক ছড়িয়ে পড়ে জাতীয় সড়কে। দুর্ঘটনার পরপরই গাড়ি থেকে নেমে ডানকুনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বাম নেতা। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ঘাতক লরিটিকে আটক করেছে।
পুলিশি জেরায় ঘাতক লরির চালক এক অদ্ভুত দাবি করে জানিয়েছে, সে নাকি টানা তিন দিন লকআপে কাটানোর পর থানায় জামিন পেয়ে গাড়ি ছাড়িয়ে ফিরছিল। গাড়ি চালানোর সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। তবে ঘটনাটি কি স্রেফ অসাবধানতাবশত পথ দুর্ঘটনা নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও সুগভীর চক্রান্ত, তা নিয়ে বড় প্রশ্ন তুলেছেন খোদ শতরূপ ঘোষ। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি সংশয়ের সুরে বলেন, “এটা সত্যিই নিছক পথ দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনও অভিসন্ধি লুকিয়ে রয়েছে, সেটা নিরপেক্ষভাবে পুলিশ খতিয়ে দেখুক।”
উল্লেখ্য, এর আগেও ২০২৩ সালে আলিপুর রোডের ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকাকালীন পিছন থেকে একটি দ্রুতগতির গাড়ি শতরূপের গাড়িতে সজোরে ধাক্কা মেরেছিল। সেবার আলিপুর থানায় আইপিএস ওয়েলফেয়ার সোসাইটির গাড়ির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন তিনি। বারবার এভাবে দুর্ঘটনার মুখে পড়া নিয়ে এখন ব্যাপক চ্যাঞ্চল্য রাজনৈতিক মহলে। পুলিশ আটক করা চালককে জেরা করে ঘটনার তদন্ত চালাচ্ছে।




