আলিপুরের ‘সৌজন্য’-ই হতে পারে নয়া মুখ্যমন্ত্রীর নতুন ঠিকানা
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই সেখানে নিরাপত্তা ও পরিকাঠামোগত বিভিন্ন প্রস্তুতি শুরু হয়েছে।
Truth of Bengal: রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এবার শুভেন্দু অধিকারীর সরকারি বাসভবন নিয়েও প্রশাসনিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। সূত্রের খবর, কলকাতায় মুখ্যমন্ত্রীর স্থায়ী সরকারি আবাসন হিসেবে আলিপুরের ভিভিআইপি আবাসন ‘সৌজন্য’-কেই প্রস্তুত করা হচ্ছে।
পূর্বতন সরকারের আমলে নির্মিত এই বহুতল আবাসন মূলত মুখ্যমন্ত্রী ও ভিভিআইপি পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিদের থাকার জন্য নির্ধারিত ছিল। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই সেখানে নিরাপত্তা ও পরিকাঠামোগত বিভিন্ন প্রস্তুতি শুরু হয়েছে। আবাসনের ভিতরে ও বাইরে নজরদারি ব্যবস্থা জোরদার করার পাশাপাশি প্রয়োজনীয় সংস্কারের কাজও চলছে বলে খবর।এতদিন কলকাতায় এলে চিনার পার্কের একটি ফ্ল্যাটে থাকতেন শুভেন্দু অধিকারী।
তবে মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর সরকারি বাসভবন হিসেবেই ‘সৌজন্য’ ব্যবহারের সম্ভাবনা প্রবল হয়েছে।যদিও এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা করা হয়নি। তবু প্রশাসনিক মহলের একাংশের মতে, নতুন মুখ্যমন্ত্রীর জন্য আলিপুরের এই ভিভিআইপি আবাসনই হতে চলেছে আগামী দিনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র।






