কলকাতা

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ফের জয় অভিষেকের! হাই কোর্টে বড় ধাক্কা ব্যাঙ্ক কর্তৃপক্ষের

সোমবার কলকাতা হাই কোর্টে মামলার শুনানির সময় ফের প্রশ্নের মুখে পড়ে সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষ

Truth of Bengal: ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত মামলায় স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার কলকাতা হাই কোর্টে মামলার শুনানির সময় ফের প্রশ্নের মুখে পড়ে সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষ। কেওয়াইসি আপডেট না থাকার কারণ দেখিয়ে অ্যাকাউন্ট সাময়িকভাবে ব্লক করা হয়েছিল বলে ব্যাঙ্কের তরফে জানানো হয়। সব পক্ষের বক্তব্য শোনার পর মামলাটির নিষ্পত্তি করে ভবিষ্যতে এই ধরনের পদক্ষেপের ক্ষেত্রে সতর্ক থাকার নির্দেশ দেয় আদালত।অভিষেকের পক্ষে আইনজীবী অয়ন ভট্টাচার্য আদালতে জানান, কেওয়াইসি প্রক্রিয়ার সময় তাঁর মক্কেলের ছবি নেওয়া হয়নি। তবে অভিষেক কখনও কেওয়াইসি করাতে অস্বীকার করেননি বলেও দাবি করেন তিনি।

তাঁর বক্তব্য, কেওয়াইসি সংক্রান্ত কোনও ঘাটতি থাকলেও রিজার্ভ ব্যাঙ্কের নির্ধারিত নিয়ম মেনেই পদক্ষেপ করতে হবে। প্রয়োজনে অ্যাকাউন্ট আংশিকভাবে সীমিত করা যেতে পারে, কিন্তু তার আগে গ্রাহককে যথাযথ নোটিস দেওয়া প্রয়োজন। সেই প্রক্রিয়া না মেনে কেন অ্যাকাউন্ট ব্লক করা হল, তা নিয়েও প্রশ্ন তোলেন অভিষেকের আইনজীবী। অয়ন ভট্টাচার্য আদালতের কাছে আবেদন করেন, ভবিষ্যতে যেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ এভাবে কোনও গ্রাহকের অ্যাকাউন্ট ব্লক করার আগে সমস্ত নিয়ম মেনে চলে। একইসঙ্গে ব্যাঙ্ককে এই বিষয়ে সতর্ক করার আর্জিও জানান তিনি। অন্যদিকে, সংশ্লিষ্ট ব্যাঙ্কের আইনজীবী আদালতে জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেওয়াইসির জন্য সশরীরে ব্যাঙ্কে হাজির হতে হবে—এমন কথা কখনও বলা হয়নি। তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেনস্তা করার কোনও উদ্দেশ্যও ব্যাঙ্কের ছিল না বলে দাবি করেন তিনি।

ব্যাঙ্কের বক্তব্য, অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধ করা হয়নি, এটি ছিল সাময়িক বা ‘টেম্পোরারি ব্লকিং’। কেওয়াইসি সংক্রান্ত কিছু বিষয় পরিষ্কার করার জন্যই ওই পদক্ষেপ করা হয়েছিল। দুই পক্ষের বক্তব্য শোনার পর কলকাতা হাই কোর্ট মামলাটির নিষ্পত্তি করে। পাশাপাশি ভবিষ্যতে গ্রাহকের অ্যাকাউন্ট নিয়ে কোনও পদক্ষেপ করার আগে আরবিআইয়ের গাইডলাইন এবং নির্ধারিত প্রক্রিয়া মেনে চলার বিষয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে সতর্ক করে আদালত।

Related Articles